রাজধানীর তেজগাঁও লিংক রোড এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নামা নাসা মেইনল্যান্ডের কয়েক শ পোশাক শ্রমিক অবশেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন।
আজ রবিবার সকাল থেকে মহাখালী-নাবিস্কোর মধ্যবর্তী গুরুত্বপূর্ণ এই সড়কে অবস্থান নেন প্রায় ৭০০-৮০০ শ্রমিক। এতে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নেয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তারা শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন।
আলোচনা শেষে শ্রমমন্ত্রী শ্রমিকদের উদ্দেশে বলেন, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশেই সেখানে উপস্থিত হয়েছেন এবং সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, আগামীকাল সকাল ১১টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে শ্রমিক প্রতিনিধি, নাসা মেইনল্যান্ডের মালিকপক্ষ এবং বিজিএমইএর সভাপতিসহ সংশ্লিষ্ট সব পক্ষ উপস্থিত থাকবেন।
মন্ত্রী আরো বলেন, বিষয়টির সঙ্গে কিছু আইনি জটিলতা ও মামলা-মোকদ্দমা জড়িত রয়েছে। তাই এমন একটি টেকসই সমাধান খোঁজা হবে যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন এবং মালিকপক্ষও স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে পারে।
এ সময় প্রতিমন্ত্রী মো. নুরুল হক শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে এবার সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অন্য বছরের মতো বড় ধরনের সড়ক অবরোধ হয়নি। জনদুর্ভোগ কমাতে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান তিনি।
অন্যদিকে, নাসা মেইনল্যান্ড কর্তৃপক্ষ জানায়, তাদের ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দ থাকায় কারখানা পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে। তবে তারা মার্চ মাসের বেতন পরিশোধ করতে পারবে বলে আশ্বাস দেয়। পাশাপাশি শ্রমিকদের ‘আর্নড লিভ’-এর পাওনা পরিশোধে সরকারের সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি।
শেষ পর্যন্ত শ্রমমন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাস এবং পরদিনের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে সড়ক ছেড়ে দেন। এতে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।











































