সকালে ঘুম থেকে উঠেই চোখ লাল; সাধারণ সমস্যা, নাকি বড় কোনো রোগের লক্ষণ?

সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকাতেই চোখের সাদা অংশ লালচে দেখাচ্ছে? চোখের ভেতর ছোট ছোট লাল শিরাও স্পষ্ট হয়ে উঠেছে? অনেকেই বিষয়টিকে ঘুম কম হওয়ার কারণে হয়েছে ভেবে এড়িয়ে যান। কারও ধারণা, রাতে ঠিকমতো ঘুম না হলেই এমন হয়।তবে ঘুম থেকে ওঠার পর চোখ লাল দেখানোর পেছনে শুধু ক্লান্তি নয়, থাকতে পারে অ্যালার্জি, চোখের শুষ্কতা কিংবা আরও কিছু শারীরিক সমস্যা। এমনকি কিছু ক্ষেত্রে এটি গুরুতর রোগেরও সতর্কসংকেত হতে পারে। চোখ লাল হওয়া মানেই যে বড় কোনো বিপদ, তা নয়। তবে কখন বিষয়টি স্বাভাবিক আর কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, তা জানা প্রয়োজন।খবর হেলথলাইন

ঘুম থেকে উঠেই চোখ লাল হয় কেন

চোখের সাদা অংশকে বলা হয় স্ক্লেরা। এর ওপরের স্তরে অসংখ্য সূক্ষ্ম রক্তনালি থাকে। কোনো কারণে এসব রক্তনালি প্রসারিত বা ফুলে উঠলে চোখ লাল দেখায়। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর এই লালচে ভাব বেশি চোখে পড়তে পারে।এর পেছনে থাকতে পারে দৈনন্দিন কিছু অভ্যাস ও পরিবেশগত কারণ।

১. রাতে মোবাইল বা কম্পিউটারে বেশি সময় কাটানো

ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার কিংবা টেলিভিশনের পর্দায় চোখ রাখলে চোখের ওপর চাপ পড়ে। পর্দার দিকে একটানা তাকিয়ে থাকলে স্বাভাবিকের তুলনায় পলক কম পড়ে। ফলে চোখের আর্দ্রতা কমে গিয়ে শুষ্কতা ও লালচে ভাব দেখা দিতে পারে। রাতে এমন অভ্যাস থাকলে সকালে ঘুম থেকে উঠে চোখ লাল দেখাতে পারে।

২. ঘুমের অভাব

রাতে পর্যাপ্ত ঘুম না হলে শরীরের পাশাপাশি চোখও ক্লান্ত হয়ে পড়ে। চোখের স্বাভাবিক আর্দ্রতা ও বিশ্রাম ব্যাহত হওয়ায় সাময়িক লালচে ভাব দেখা দিতে পারে। নিয়মিত কম ঘুমানোর অভ্যাস থাকলে সমস্যা আরও বাড়তে পারে।

৩. চোখ শুষ্ক হয়ে যাওয়া

ঘুমের সময় চোখের অশ্রু বা লুব্রিকেটিং তরল তৈরির পরিমাণ কিছুটা কমে যেতে পারে। যাদের আগে থেকেই ড্রাই আই বা চোখ শুষ্ক হওয়ার সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সকালে চোখ বেশি লাল, খসখসে কিংবা অস্বস্তিকর লাগতে পারে।

৪. অ্যালার্জির প্রভাব

ঘরের ধুলাবালি, বিছানার চাদর, বালিশের ধুলার মাইট, পোষা প্রাণীর লোম কিংবা ফুলের পরাগরেণু চোখে অ্যালার্জি তৈরি করতে পারে। এতে চোখ লাল হওয়ার পাশাপাশি চুলকানি ও পানি পড়ার মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর উপসর্গ বেশি অনুভূত হতে পারে।

৫. পরিবেশদূষণ ও ধোঁয়া

বাতাসের ধুলাবালি, গাড়ির ধোঁয়া, সিগারেটের ধোঁয়া কিংবা অতিরিক্ত শুষ্ক বাতাস চোখের জন্য ক্ষতিকর। এসব উপাদানের সংস্পর্শে চোখের রক্তনালি প্রসারিত হয়ে লালচে ভাব তৈরি করতে পারে।

৬. অতিরিক্ত মদ্যপান

অতিরিক্ত অ্যালকোহল শরীরকে পানিশূন্য করে তুলতে পারে। এর প্রভাব পড়তে পারে চোখের আর্দ্রতার ওপরও। ফলে আগের রাতে অতিরিক্ত মদ্যপানের পর সকালে চোখ লাল দেখাতে পারে।

চোখ লাল হওয়া কি গুরুতর রোগের লক্ষণ

সব ক্ষেত্রে চোখ লাল হওয়া সাধারণ সমস্যা নয়। কখনো কখনো এটি চোখের সংক্রমণ, প্রদাহ কিংবা অন্য কোনো শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে। বিশেষ করে চোখ লাল হওয়ার সঙ্গে ব্যথা, দৃষ্টির পরিবর্তন বা বমি বমি ভাব থাকলে সতর্ক হওয়া জরুরি।

ইউভাইটিস

চোখের মাঝের স্তর ইউভিয়ায় প্রদাহ হলে তাকে ইউভাইটিস বলা হয়। এ সমস্যায় চোখ তীব্র লাল হওয়ার পাশাপাশি ব্যথা, ঝাপসা দেখা, আলোর প্রতি সংবেদনশীলতা এবং চোখের সামনে ভাসমান কালো দাগ দেখা দিতে পারে। দ্রুত চিকিৎসা না করালে দৃষ্টিশক্তির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

স্লিপ অ্যাপনিয়া

ঘুমের মধ্যে বারবার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া বা বাধাগ্রস্ত হওয়ার সমস্যাকে স্লিপ অ্যাপনিয়া বলা হয়। এতে শরীরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপের ওঠানামা হতে পারে। এর প্রভাব চোখের রক্তনালিতেও পড়তে পারে। সকালে মাথাব্যথা, অতিরিক্ত ঘুম ঘুম ভাব, বিরক্তি কিংবা ভুলে যাওয়ার প্রবণতার সঙ্গে চোখ লাল হওয়ার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

ঘুমের মধ্যে চোখ পুরোপুরি বন্ধ না হওয়া

কিছু মানুষের ঘুমের সময় চোখের পাতা পুরোপুরি বন্ধ হয় না। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে নকটার্নাল ল্যাগোফথ্যালমস বলা হয়। এতে ঘুমের মধ্যে চোখের উপরিভাগ শুকিয়ে যেতে পারে। সকালে চোখ লাল হওয়া, জ্বালাপোড়া, পানি পড়া কিংবা চোখে কিছু আটকে থাকার মতো অনুভূতি হতে পারে।

চোখের ভেতর রক্তনালি ফেটে যাওয়া

চোখের সাদা অংশে হঠাৎ উজ্জ্বল লাল রক্তের দাগ দেখা গেলে সেটি সাবকনজাংটিভাল হেমোরেজ হতে পারে। চোখের উপরিভাগের একটি ছোট রক্তনালি ফেটে গেলে এমন হয়। অতিরিক্ত কাশি, আঘাত কিংবা অন্য কারণেও এটি হতে পারে। সাধারণত ব্যথা থাকে না এবং অনেক ক্ষেত্রে নিজে থেকেই সেরে যায়। তবে চোখে আঘাত লাগার পর এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ব্লেফারাইটিস

চোখের পাতার কিনারায় প্রদাহ হলে তাকে ব্লেফারাইটিস বলা হয়। এতে সকালে চোখ লাল হওয়ার পাশাপাশি চুলকানি, জ্বালাপোড়া এবং চোখের পাতায় ময়লা বা খোসার মতো জমতে পারে। অনেক সময় ঘুম থেকে উঠে চোখের পাপড়ি একসঙ্গে লেগে থাকে।

কনজাংটিভাইটিস বা চোখ ওঠা

ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা অ্যালার্জির কারণে চোখের বাইরের স্বচ্ছ আবরণে প্রদাহ হলে কনজাংটিভাইটিস হয়। এটি চোখ ওঠা নামেও পরিচিত। এতে চোখ লাল হওয়া, চুলকানি, ব্যথা, পানি পড়া কিংবা পুঁজের মতো নিঃসরণ হতে পারে। সকালে চোখের পাপড়ি আঠালো হয়ে একসঙ্গে লেগে থাকার সমস্যাও দেখা যায়।

অ্যাকিউট গ্লুকোমা

চোখের ভেতরের চাপ হঠাৎ অনেক বেড়ে গেলে অ্যাকিউট গ্লুকোমা হতে পারে। এতে চোখ লাল হওয়ার পাশাপাশি তীব্র ব্যথা, ঝাপসা দেখা, আলোর চারপাশে রঙিন বলয় দেখা, মাথাব্যথা, বমি বমি ভাব কিংবা বমি হতে পারে। এটি জরুরি চিকিৎসার বিষয়। দ্রুত চিকিৎসা না করালে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে।

রিউমাটয়েড আর্থ্রাইটিস

রিউমাটয়েড আর্থ্রাইটিস একধরনের অটোইমিউন রোগ। এতে শরীরের বিভিন্ন টিস্যুতে প্রদাহ তৈরি হয়, যার প্রভাব চোখেও পড়তে পারে। চোখ শুষ্ক ও লাল হয়ে যাওয়ার পাশাপাশি জয়েন্টে ব্যথা, দুর্বলতা কিংবা অকারণে ওজন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।

চোখ লাল হলে কখন চিকিৎসকের কাছে যাবেন

সকালে ঘুম থেকে উঠে চোখ সামান্য লাল দেখালে সব সময় আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে কিছু লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিত নয়।

  • চোখে ব্যথা বা তীব্র অস্বস্তি হলে।
  • চোখের লালচে ভাব এক সপ্তাহের বেশি স্থায়ী হলে।
  • হঠাৎ ঝাপসা বা দুটি করে দেখা শুরু হলে।
  • আলো সহ্য করতে কষ্ট হলে কিংবা আলোর চারপাশে বলয় দেখা গেলে।
  • চোখ থেকে পুঁজ বা অস্বাভাবিক তরল বের হলে।
  • চোখ লাল হওয়ার সঙ্গে বমি বমি ভাব বা বমি হলে।
  • চোখে আঘাত লাগার পর লালচে ভাব দেখা দিলে।
  • বিশেষ করে তীব্র ব্যথা, হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়া কিংবা লাল চোখের সঙ্গে বমি হলে অপেক্ষা না করে জরুরি চিকিৎসা নিতে হবে।

সকালে ঘুম থেকে উঠে চোখ লাল হওয়া অনেক সময় ঘুমের অভাব, চোখের শুষ্কতা কিংবা অ্যালার্জির মতো সাধারণ কারণে হয়ে থাকে। তবে একই সমস্যা বারবার হলে কিংবা এর সঙ্গে ব্যথা, ঝাপসা দেখা ও অন্য অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবহেলা করা ঠিক নয়। কারণ চোখের সামান্য লালচে ভাবও কখনো কখনো বড় কোনো সমস্যার আগাম সংকেত হতে পারে। তাই নিজের মতো ওষুধ ব্যবহার না করে প্রয়োজন অনুযায়ী চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেয়াই ভালো

LEAVE A REPLY