বেন রবার্টস-স্মিথ
যুদ্ধাপরাধের অভিযোগে অস্ট্রেলিয়ার ‘জাতীয় বীর’ ও সবচেয়ে সম্মানিত সাবেক সেনাসদস্য বেন রবার্টস-স্মিথকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সিডনি বিমানবন্দর থেকে ৪৭ বছর বয়সী এই সাবেক সেনাকে আটক করেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ। তার বিরুদ্ধে নিরস্ত্র আফগান কিশোরকে গুলি করা এবং হাতকড়া পরা এক ব্যক্তিকে পাহাড় থেকে ফেলে দেওয়ার মতো নৃশংসতার অভিযোগ রয়েছে।
বেন রবার্টস-স্মিথ একসময় অস্ট্রেলিয়ার ‘জাতীয় বীর’ হিসেবে পরিচিত ছিলেন।
২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত আফগানিস্তানে সাহসিকতার জন্য তিনি দেশটির সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’ লাভ করেন। তবে ২০১৮ সাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের খবর আসতে শুরু করলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। যদিও তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
এই ঘটনা নিয়ে অস্ট্রেলিয়ায় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল মানহানির মামলা হয়েছিল।
তবে ২০২৫ সালে আদালত তার আপিল খারিজ করে দেয় এবং সংবাদমাধ্যমের আনা অভিযোগগুলো সত্য বলে রায় দেয়। দীর্ঘ তদন্তের পর স্পেশাল এয়ার সার্ভিস (এসএএস) রেজিমেন্টের এই সদস্যের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিল প্রশাসন। মঙ্গলবারই তাকে নিউ সাউথ ওয়েলসের একটি আদালতে হাজির করার কথা রয়েছে।
সূত্র : সিএনএন











































