চোখ ঘষে বিপদ ডাকছেন না তো

সংগৃহীত ছবি

ঘুম থেকে ওঠার পর একটু ক্লান্তি বোধ বা চোখ চুলকালে অনেকেই অভ্যাসবশত চোখ ঘষে থাকি আমরা। যা মোটেও ঠিক নয় বলে জানিয়ে থাকেন চিকিৎসকরা।তাদের মতে, মাঝে মধ্যে হালকা চোখ ঘষলে সাময়িক আরাম মিলে। তবে এই অভ্যাসটির কারণে চোখের বড় ধরনের বিপদ হতে পারে।

বারবার চোখ ঘষলে চোখের চারপাশে রক্ত জমাট বাঁধতে শুরু করে। চোখের নিচের সরু রক্তনালিগুলো ভেঙে যাওয়ার কারণে সেখানে ডার্ক সার্কেল সৃষ্টি হয়।শুধু তাই নয়, চোখের সাদা অংশে হঠাৎ ভেসে ওঠা লাল রক্তনালির পেছনেও এই একই অভ্যাস দায়ী।

সবচেয়ে বড় ক্ষতি হয় আমাদের দৃষ্টিশক্তিতে। অতিরিক্ত চোখ ঘষা কর্নিয়ার আকার বদলে দিয়ে কেরাটোকোনাস নামক দৃষ্টিজনিত সমস্যার জন্ম দেয়। পাশাপাশি পিঙ্ক আই এবং আলো সহ্য না করার মতো সমস্যাও দেখা দিতে পারে।

চোখে হাত দেওয়ার আগে হাত ধোয়ার কথা আমাদের সবার হয় তো মনে থাকে না। এ কারণে হাতে থাকা জীবাণু খুব সহজেই চোখে প্রবেশ করে সেখানে বড় ধরনের সংক্রমণ বা ইনফেকশন ঘটাতে পারে।

এছাড়া যাদের চোখে আগে থেকেই গ্লুকোমার মতো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে চোখ ঘষার অভ্যাসটি পরিস্থিতি আরো মারাত্মক করে তোলে। চোখের পেছনের দিকে রক্ত সঞ্চালন বাড়িয়ে এটি স্নায়ুর স্থায়ী ক্ষতি এবং অন্ধত্বের ঝুঁকি পর্যন্ত তৈরি করতে পারে।

চোখ চুলকালে চিকিৎসকদের পরামর্শ হলো, চোখ চুলকালে হাত দিয়ে না ডলে আই ড্রপ ব্যবহার করা যেতে পারে।অথবা চোখে পরিষ্কার পানির ঝাপটা দেওয়া যেতে পারে। এছাড়া অ্যালার্জি বা স্ক্রিন টাইম কমানোর মাধ্যমেও চোখ সুস্থ রাখা যায়। তবে বেশি প্রয়োজন সচেতন হওয়া। কারণ, চোখের যত্ন নিজের হাতে।

LEAVE A REPLY