লেবাননে ইসরায়েলি অভিযান, নিন্দা জানাল সৌদি আরব

ছবি : রয়টার্স।

সৌদি আরব লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরে।

বিবৃতিতে বলা হয়, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলের এই পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। সৌদি আরব এ ধরনের আগ্রাসন প্রত্যাখ্যান করছে। সৌদি সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, উত্তেজনা বৃদ্ধি রোধ এবং লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক তৎপরতা বন্ধে কার্যকর ভূমিকা নিতে হবে।

দেশটি আরো জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক চুক্তিগুলোর আলোকে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশটির জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।সৌদি আরব ১৯৮৯ সালের তাইফ চুক্তির গুরুত্বও পুনর্ব্যক্ত করেছে। তারা বলেছে, এমনভাবে চুক্তিটি বাস্তবায়ন করতে হবে, যাতে লেবাননের পুরো ভূখণ্ডে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।

এ ছাড়া দেশটি বলেছে, অস্ত্রের নিয়ন্ত্রণ শুধু রাষ্ট্র ও বৈধ সরকারি প্রতিষ্ঠানের হাতে থাকতে হবে। লেবানন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা মেনে চললে দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।

LEAVE A REPLY