লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন যেসব বাংলাদেশি

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেন। তাদের মধ্য থেকে দল পেয়েছেন মাত্র দুজন—মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

কলম্বোয় গতকাল অনুষ্ঠিত ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পান আরো তিন বাংলাদেশি—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন। সব মিলিয়ে পাঁচ বাংলাদেশি খেলবেন এবারের এলপিএলে। 

অলরাউন্ডার সাকিব ও পেসার তাসকিনকে সতীর্থ হিসেবে দেখা যাবে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংসে। 

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ খেলবেন গল গ্যালান্টসের হয়ে।

এ ছাড়া পেসার হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে কলম্বো ক্যাপস। এলপিএলের আগে ও পরে কেন্টের হয়ে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলার কথা হাসানের। 

এলপিএলের অন্য দুই দল ডাম্বুলা সিক্সার্স ও ক্যান্ডি রয়্যালস কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কেনেনি। 

এলপিএলের ষষ্ঠ আসর শুরু হবে ১৭ জুলাই, ফাইনাল ৮ আগস্ট।আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের শেষ ম্যাচ ১৯ জুলাই। তাই তাসকিন, লিটন, মিরাজ ও হাসান এলপিএলে শুরুর দিকে একটি বা দুটি ম্যাচ মিস করতে পারেন। 

তবে রাজনৈতিক কারণে সাকিব যেহেতু বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না, তাই এলপিএলের শুরু থেকেই তাকে পাবে জাফনা কিংস।

LEAVE A REPLY