জুন মাসে একাধিক তাপপ্রবাহ হতে পারে। এসব তাপপ্রবাহের আকার মৃদু থেকে মাঝারি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এই মাসে বৃষ্টির প্রবণতা কমে দিন ও রাতের তাপমাত্রা বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। আর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।শুধু তা-ই নয়, দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহও হতে পারে।
জুনের মাঝামাঝি সময়েই দেশে বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ় শুরু হবে। বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি ঝরে এ মাসে, ৪৫৯ মিলিমিটার। আর জুলাইয়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, ৫২৩ মিলিমিটার।এবার সেখানে জুনে বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে একাধিক লঘুচাপের সম্ভাবনাও আছে। এর মধ্যে একটি আবার মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
তবে আজ মঙ্গলবার বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) চলতি মাস থেকে আগস্টের মধ্যে তাপমাত্রা বাড়ানোর জলবায়ু পরিস্থিতি ‘এল নিনো’ তৈরি হওয়ার ৮০ শতাংশ আশঙ্কার কথা জানিয়েছে। জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই সংস্থাটি জানায়, উষ্ণমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে এল নিনো পরিস্থিতি তৈরি হচ্ছে।এটি বিশ্বজুড়ে তাপমাত্রা ও বৃষ্টিপাতের স্বাভাবিক নিয়মে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে।
এর ফলে কিছু অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তৈরি হতে পারে। আঞ্চলিক জলবায়ু কেন্দ্রগুলোর পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় গড় বৃষ্টিপাতের চেয়ে কম মৌসুমি বৃষ্টিপাতের আশঙ্কা আছে বলে জানিয়েছে সংস্থাটি।টপিক:আবহাওয়াতাপপ্রাবাহ











































