সংগৃহীত ছবি
দেশে চলমান তাপপ্রবাহ এখনই কমছে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আরো দুই থেকে তিন দিন বজায় থাকতে পারে।এ সময়ে দেশের কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এই পূর্বাভাসের কথা জানান আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।
চলতি জুন মাসজুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে আরো দুই থেকে তিনটি তাপপ্রবাহ ধেয়ে আসতে পারে। পুরো মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে জুনের দ্বিতীয় সপ্তাহে দেশজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। বৃষ্টির এই প্রবণতা কমলে আবারও নতুন করে তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্প বা আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকায় স্বাভাবিকের চেয়ে গরম অনেক বেশি অনুভূত হচ্ছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।এদিকে বগুড়ায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৮৬ শতাংশ।











































