ইসরায়েলি বসতি পণ্য আমদানি নিষিদ্ধ করল বেলজিয়াম

ছবি : রয়টার্স

অধিকৃত পশ্চিম তীর ও অন্যান্য ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে বেলজিয়াম। গ্রীষ্মকালীন বিরতির আগে দেশটির সরকারের শেষ মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

দেশটির সরকারি বার্তা সংস্থা বেলগার বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ইসরায়েল টাইমস

গত বছরের সেপ্টেম্বরে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং ইসরায়েলের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় বেলজিয়াম সরকার দেশটির বসতি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে রাজনৈতিক অচলাবস্থার কারণে এতদিন এ উদ্যোগ বাস্তবায়ন আটকে ছিল।

তবে নিষেধাজ্ঞাটি কিভাবে কার্যকর হবে বা কোন কোন পণ্য এর আওতায় পড়বে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে স্পেন, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ডও ইসরায়েলি বসতির পণ্যের বিরুদ্ধে পৃথকভাবে পদক্ষেপ নিয়েছে। তবে ইইউর ২৭ সদস্য দেশের মধ্যে মতপার্থক্যের কারণে এখনো জোটগতভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন।গত বছর ইইউর সঙ্গে ইসরায়েলের পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৪৩ বিলিয়ন ইউরো।

LEAVE A REPLY