মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আসন্ন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে স্টিভ রজার্স তথা ক্যাপ্টেন আমেরিকার গল্পটি বেশ ‘নির্মম’ হতে যাচ্ছে বলে আভাস দিয়েছেন হলিউড অভিনেতা ক্রিস ইভানস। এ সিনেমায় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একঝাঁক জনপ্রিয় সুপার হিরোকে একসঙ্গে দেখা যাবে। এটি হতে যাচ্ছে বেশ ‘নির্মম’ ও চ্যালেঞ্জিং সিনেমা। সম্প্রতি বোস্টনে আয়োজিত ‘ফ্যান এক্সপো’র একটি প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়ে তিনি এ ইঙ্গিত দেন।
বোস্টনে ‘ফ্যান এক্সপো’র অনুষ্ঠানে নিজের চরিত্র স্টিভ রজার্স তথা ক্যাপ্টেন আমেরিকা নিয়ে এমনটাই আভাস দিয়েছেন ক্রিস ইভানস, যেখানে লেগাসি অ্যাভেঞ্জার্স, এক্স-মেন, থান্ডারবোল্টস এবং দ্য ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা একজোট হয়ে লড়াই করবেন মূল খলনায়ক ‘ডক্টর ডুম’-এর বিরুদ্ধে। এ খলচরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী তারকা রবার্ট ডাউনি জুনিয়র।
এর আগে অনুষ্ঠিত ‘কমিক-কন ২০২৬’-এ পরিচালক অ্যান্টনি ও জো রুসো জানান, রবার্ট ডাউনি জুনিয়রের কণ্ঠস্বর শোনার পরই তারা নিশ্চিত হয়েছিলেন ‘ডক্টর ডুম’ চরিত্রের জন্য তিনিই একমাত্র যোগ্য। বিশেষ করে ডক্টর ডুমের মাস্ক পরা অবস্থায় ডায়ালগ ডেলিভারির জন্য ডাউনি জুনিয়র নিজের তৈরি যে কণ্ঠস্বরটি শুনিয়েছিলেন, তাতেই মুগ্ধ হন নির্মাতারা। সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ ডিসেম্বরই পেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রুসো ব্রাদার্স পরিচালিত এ সিনেমাটি।
অনুষ্ঠানে পরিচালক জুটি অ্যান্টনি ও জো রুসোর কাজের ধরন নিয়ে ক্রিস ইভানস বলেন, ‘রুসো ব্রাদার্স স্টিভ রজার্সকে মারধরের মধ্যে রাখতে ভীষণ ভালোবাসেন। শতবার আঘাত পেয়েও বারবার উঠে দাঁড়ান যিনি, তিনিই আসল হিরো। একজন সত্যিকারের নায়কের আসল পরিচয় মনে করেন। তাই ডুমসডে-তে তারা ক্যাপ্টেন আমেরিকাকে শায়েস্তা করার নতুন নতুন উপায় খুঁজে বের করেন। তবে এবারের অভিজ্ঞতাটি সত্যিই বেশ নির্মম ছিল।’











































