কলকাতা বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে

ভারতের কলকাতার দমদমে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । মঙ্গলবার (১৮ আগস্ট) দমদম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড ঘটে।এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে। এটিসি বিল্ডিংয়ের তিনতলা থেকে আগুনের ফুলকি দেখতে পান বিমানবন্দরের কর্মীরা। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত দমকল বিভাগে খবর দেওয়া হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রথমে বিমানবন্দরে থাকা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তারা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও দুটি ইঞ্জিন পাঠানো হয়। মোট তিনটি ইঞ্জিনের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতের খবরও নেই। তবে গুরুত্বপূর্ণ এই ভবনে আগুন লাগায় কিছু সময়ের জন্য উদ্বেগ তৈরি হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রাথমিক অনুসন্ধানে জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। 

বিমানবন্দর সূত্রে জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি বিল্ডিং তেরঙ্গা রঙের টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল।সেই টুনি লাইট থেকেই কোনওভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে। তবে আগুন লাগার আসল কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে বৈদ্যুতিক সংযোগ এবং লাইটিং ব্যবস্থাও পরীক্ষা করা হবে।

LEAVE A REPLY