সাবেক সিআইএ প্রধানের ছেলের বিরুদ্ধে শিশুদের আপত্তিকর ছবি রাখার অভিযোগ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান জন ব্রেনানের ছেলের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নের ছবি পরিবহনের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার আদালতের নথি ও দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

রয়টার্স জানায়, অভিযুক্তর নাম কাইল ব্রেনান। তিনি ভার্জিনিয়ার ওয়ারেনটনের বাসিন্দা। আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, এফবিআই তার মুঠোফোন পরীক্ষা করে ৮৮টি ছবি পেয়েছে। এসব ছবিতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, কাইলের বিরুদ্ধে তদন্ত শুরু হয় ২০২৪ সালে। সে সময় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি শিশুদের সুরক্ষায় কাজ করা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনকে একটি তথ্য দেয়।

এরপর ২০২৪ সালের জুলাইয়ে ভার্জিনিয়ার কর্মকর্তারা কাইলের বাড়িতে তল্লাশি চালান। গত মাসে মামলাটি এফবিআইয়ের কাছে পাঠানো হয়।

কাইলকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। জন ব্রেনানের এক মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এদিকে জন ব্রেনান দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এক বছরের বেশি সময় ধরে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

তবে আদালতের নথিতে বলা হয়েছে, কাইলের বিরুদ্ধে তদন্তের সঙ্গে তার বাবার বিরুদ্ধে চলমান তদন্তের কোনো সম্পর্ক নেই। জন ব্রেনানের বিরুদ্ধে চলা তদন্তকে ট্রাম্পের সমর্থক ও সমালোচক—উভয় পক্ষই ‘বৃহৎ ষড়যন্ত্র’ তদন্ত বলে অভিহিত করেছে।

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে সিআইএর প্রধান ছিলেন জন ব্রেনান। ট্রাম্পের বিরুদ্ধে আগের বিভিন্ন তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তার নাগরিক অধিকার লঙ্ঘন করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে বিচার বিভাগ।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ তদন্তের গতি কমে গেছে। তদন্তের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ সরকারি কৌঁসুলিরা পদত্যাগ করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পর্যন্ত এ তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। জন ব্রেনান তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীদের দাবি, ট্রাম্পের নির্দেশে সরকারি কৌঁসুলিরা অন্যায়ভাবে তাকে লক্ষ্যবস্তু করেছেন।

গত মাসে জন ব্রেনানকে গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দেওয়ার জন্য সমন পাঠানো হয়। তবে তদন্তের নেতৃত্বে থাকা বিচার বিভাগের কর্মকর্তা জোসেফ ডি জেনোভা সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তার সাক্ষ্য দেওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়।

LEAVE A REPLY