চ্যাটজিপিটিতে প্রেমিকাকে হত্যার ছক, এফবিআইকে সতর্ক করল ওপেনএআই

ছবি : রয়টার্স

ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের এক সাবেক বিশ্লেষককে প্রাক্তন প্রেমিকাকে যৌন নিপীড়ন ও হত্যার পরিকল্পনা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

২৫ বছর বয়সী ড্যারেন ঝোউ চ্যাটজিপিটির সঙ্গে এসব পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন।এরপর চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তার এই কথোপকথন ট্র্যাক করে বিপদের আশঙ্কায় সরাসরি এফবিআইকে সতর্ক করে দেয়। 

আদালতের নথি অনুযায়ী, ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের এক সাবেক বিশ্লেষক তার প্রাক্তন প্রেমিকাকে যৌন নির্যাতন ও হত্যার পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেছিলেন। এ ঘটনায় ২৫ বছর বয়সী ড্যারেন ঝোউকে গত মে মাসে গ্রেপ্তার করা হয়।

ম্যাসাচুসেটস লয়ার্স উইকলি জানায়, ওয়েস্ট পাম বিচে গোল্ডম্যান স্যাকসের সাবেক এই বিশ্লেষকের চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের বিষয়ে ওপেনএআই এফবিআইকে জানানোর পর তদন্ত শুরু হয়।

তদন্তকারীরা বলেন, কয়েক মাস ধরে ঝোউ চ্যাটজিপিটিতে যেসব বার্তা পাঠিয়েছিলেন, সেগুলো শুধু তার আবেগ বা কষ্ট প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং এসব বার্তায় সহিংসতার বিভিন্ন পরিকল্পনা এবং সেগুলো কীভাবে করা যায়, তা নিয়ে বারবার আলোচনা করা হয়েছিল।

তদন্তকারীদের মতে, ঝোউয়ের কথোপকথনে প্রাক্তন প্রেমিকাকে হত্যা, যৌন নির্যাতন এবং জিম্মি করার মতো পরিকল্পনার কথাও উঠে আসে। ঝোউকে গ্রেপ্তারের ছয় দিন আগে এফবিআই পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়কে বিষয়টি জানায়।পরে তদন্তকারীরা তার গত দুই মাসের চ্যাটজিপিটি কথোপকথনের ইতিহাস পান।

ঘটনার সূত্রপাত মার্চে। ছয় মাসের সম্পর্ক শেষ হওয়ার পর ঝোউ তার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা শুরু করেন বলে জানা গেছে। সম্ভাব্য কারণ সম্পর্কিত এক হলফনামায় বলা হয়েছে, প্রেমিকার আশপাশে অন্য পুরুষদের দেখে তিনি ঈর্ষান্বিত হতেন। এমনকি প্রেমিকা তাকে প্রত্যাখ্যান করলে তাকে হত্যার কথাও বলেছিলেন বলে পুলিশকে জানান তিনি।

একপর্যায়ে ঝোউ চ্যাটজিপিটিকে জানান, তিনি প্রাক্তন প্রেমিকার জিমের পার্কিং লটে ফুল নিয়ে অপেক্ষা করবেন এবং সম্পর্ক আবার শুরু করার জন্য তাকে অনুরোধ করবেন। তদন্তকারীদের মতে, তিনি আরো একটি পরিকল্পনার কথা বলেছিলেন। প্রেমিকা তার প্রস্তাবে রাজি না হলে তাকে গুলি করে হত্যার পর একই অস্ত্র দিয়ে আত্মহত্যা করার কথাও তিনি বলেছিলেন।

পরে তার কথিত হুমকি আরো গুরুতর হয়ে ওঠে। যৌন সহিংসতা ও জিম্মি করে রাখার পরিকল্পনার কথাও তিনি চ্যাটজিপিটিতে লিখেছিলেন বলে জানা গেছে। তিনি প্রাক্তন প্রেমিকাকে জোর করে সাউথ পাম বিচে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বলেছিলেন। সেখানে তাকে যৌন নির্যাতন করে জিম্মি করে রাখার কথাও ছিল। পুলিশ হস্তক্ষেপ করলে ওই নারীকে গুলি করে পরে আত্মহত্যা করার বিষয়েও তিনি আলোচনা করেছিলেন বলে তদন্তকারীরা জানান।

তদন্তকারীরা জানান, পরে ঝোউয়ের কথিত লক্ষ্যবস্তুর তালিকায় তার প্রাক্তন প্রেমিকার পরিবারের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়।

ডেপুটিরা ওই নারীর সঙ্গে কথা বলেন। তখন তার বয়স ছিল ২১ বছর। তিনি তদন্তকারীদের জানান, ঝোউয়ের খামখেয়ালি, ঈর্ষাপরায়ণ ও নিয়ন্ত্রণমূলক আচরণের কারণে তিনি সম্পর্কটি শেষ করেছিলেন। ঝোউ কীভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন, তা নিয়ে ভয় থাকায় তিনি ফোনে সম্পর্কচ্ছেদ করার সিদ্ধান্ত নেন।

সম্পর্ক শেষ হওয়ার পরও ঝোউ ফোন কল, টেক্সট মেসেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তিনি ওই নারীকে অন্য পুরুষদের নিয়ে প্রশ্ন করতেন। তাদের মধ্যে এমন একজনও ছিলেন, যিনি তার টিকটক পোস্টে মন্তব্য করেছিলেন। এ ছাড়া ঝোউ তাকে খুব দ্রুত নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার জন্যও অভিযুক্ত করতেন।

তদন্তকারীরা জানান, ওই নারী তার ফোন নম্বর ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার পরও ঝোউ বিভিন্ন অ্যাপের মাধ্যমে তৈরি করা নতুন নম্বর ব্যবহার করে তার সঙ্গে যোগাযোগ চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এসব বার্তার কিছু ছিল হয়রানিমূলক, অপমানজনক, যৌনতাপূর্ণ ও হুমকিমূলক। ওই নারী এসব কথোপকথনের স্ক্রিনশটও তদন্তকারীদের দেন।

শেরিফের কার্যালয়ের এক ডেপুটি ঝোউয়ের চ্যাটজিপিটি কথোপকথন পর্যালোচনা করেন। তিনি জানান, এসব বার্তা শুধু রাগ বা কষ্টের অস্পষ্ট প্রকাশ ছিল না। তদন্তকারীদের মতে, বার্তাগুলোতে ধীরে ধীরে হুমকি ও সহিংসতার পরিকল্পনার ধারাবাহিকতা দেখা যায়।

মে মাসে ঝোউকে গ্রেপ্তার করা হয়। ১ লাখ ডলার জামিনে মুক্তি পাওয়ার আগে তিনি পাম বিচ কাউন্টি জেলে দুই দিন ছিলেন। পরে তার বিরুদ্ধে গুরুতর হয়রানি, হত্যার লিখিত হুমকি এবং অবৈধভাবে সেলফোন ব্যবহারের অভিযোগ আনা হয়। প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ১৩ আগস্ট ঝোউ তিনটি অভিযোগেই দোষ স্বীকার করেন। এর ফলে তিনি কারাদণ্ড ও গুরুতর অপরাধের শাস্তি এড়াতে সক্ষম হন। 

সার্কিট জজ স্কট সাসকাউয়ার জানান, ঝোউয়ের প্রাক্তন প্রেমিকা এই সমঝোতায় সম্মতি দেওয়ায় তিনি আংশিকভাবে এটি গ্রহণ করেন। বিচারক তাৎক্ষণিকভাবে দণ্ড না দিয়ে রায় স্থগিত রাখেন এবং ঝোউকে আট বছরের প্রবেশন দেন।

LEAVE A REPLY