অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ফরিদপুরের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অভিনেতা অভিযোগ করেন, সেসময় বৈদ্যুতিক সংযোগের মূল তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই অভিনেতা।
ফজলুর রহমান বাবু জানান, পেশাগত কারণে ঢাকায় থাকলেও ফরিদপুরের পৈতৃক বাড়িতে নিয়মিতই যাতায়াত করেন তিনি।প্রায় ২০-২৫ দিন আগেও ফরিদপুরের পশ্চিম আলীপুরে অবস্থিত ‘কামরাঙ্গা’ নামের পৈতৃক বাড়িতে গিয়ে দুই দিন অবস্থান করে ঢাকায় ফিরে যান। সোমবার রাতে আবার বাড়িতে গিয়ে বিদ্যুতের লাইট জ্বালাতে গিয়ে দেখেন, কোনো লাইটই জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখেন, মেইন লাইনের তার কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ছাদের দুটি স্প্লিট এসির ভেতরের তামার তারসহ বাইরে থাকা আরও কিছু মালামালও নিয়ে গেছে দুর্বৃত্তরা । দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা খাবারসহ বিভিন্ন জিনিসপত্রও নষ্ট হয়ে গেছে।
এই অভিনেতা বলেন, ‘শুধু আমার বাড়িতেই নয়, আশপাশের প্রায় প্রতিটি বাড়ি থেকেই নিয়মিত এসি, তার ও গ্যারেজের সরঞ্জাম চুরি হচ্ছে। এক সময় পশ্চিম আলীপুর অত্যন্ত শান্ত ও নিরাপদ এলাকা ছিল। কিন্তু বর্তমানে চুরির উপদ্রব বেড়ে গেছে। যারা চুরি করছে, তাদের অনেকেই মাদকসেবী বলে স্থানীয়ভাবে জানা গেছে। নেশার টাকা জোগাড় করতে তারা এসব চুরি করছে।’ এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই অভিনেতা।
এদিকে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জানান, ফজলুর রহমান বাবু বৈদ্যুতিক তার চুরির ঘটনায় থানায় জিডি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।কালবেলা/আরডা










































