অধিকৃত পশ্চিম তীরে রবিবার ভোরে ফিলিস্তিনিদের কয়েকটি গ্রামে হামলা চালিয়েছেন ইসরায়েলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা। এ সময় তারা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেন এবং বিভিন্ন দেয়ালে বর্ণবাদী স্লোগান লেখেন।স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। এ ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে উল্লেখ করেছেন ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোট।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে হামাসের ইসরায়েলে হামলার পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। সর্বশেষ হামলাও সেই ধারাবাহিকতার অংশ।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রামাল্লার কাছের কয়েকটি গ্রামে পুড়ে যাওয়া ফিলিস্তিনিদের গাড়ি দেখা গেছে। বিভিন্ন দেয়ালে স্প্রে করে ‘প্রতিশোধ’ ও ‘আরবদের মৃত্যু চাই’—এমন স্লোগান লেখা হয়েছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। হামলায় কেউ আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
আইজেনকোট এসব হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, উগ্রপন্থীরা গাড়ি ও বাড়িঘরে আগুন দিয়ে পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে। এতে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। পাশাপাশি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কেরও ক্ষতি হচ্ছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের দুই অতি জাতীয়তাবাদী মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের নীতির কারণে পশ্চিম তীরের পরিস্থিতি আরো খারাপ হয়েছে।
এলাকাটি এখন নৈরাজ্যের দ্বারপ্রান্তে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
এ বিষয়ে নেতানিয়াহু এখনো কোনো মন্তব্য করেননি। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার হামলার নিন্দা জানিয়েছেন। তিনি হামলাকারীদের ‘মুষ্টিমেয় উগ্রপন্থী’ বলে উল্লেখ করেন। জেরুজালেমে এলনেট সম্মেলনে সার বলেন, এ ধরনের হামলা ইসরায়েলের মূল্যবোধের বিরুদ্ধে। পশ্চিম তীরের আইন মেনে চলা নাগরিকেরা এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। উগ্রপন্থীদের সহিংসতা বন্ধে আইন কার্যকর করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। দেশটির সামরিক বাহিনীও এসব সহিংসতার নিন্দা জানিয়েছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেইর আস-সুদান, দেইর আবু মাশাল, কাফর মালিক ও আত-তুওয়ানি এলাকায় গাড়িতে আগুন দেওয়া এবং দেয়ালে স্লোগান লেখার খবর পাওয়া গেছে। এসব ঘটনার ভিডিও পাওয়ার পর ওই এলাকাগুলোতে সেনা ও পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোটের সমালোচনা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেন, আইজেনকোটের এই নিন্দা আসলে আরব দলগুলোর কাছে আত্মসমর্পণের শামিল। এসব দল নতুন সরকার গঠনে তাকে সমর্থন দিতে পারে।
অন্যদিকে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ইসরায়েলি বসতি সম্প্রসারণের পক্ষে। তিনি পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে চান। ইসরায়েলের পার্লামেন্টের সবচেয়ে বড় আরব দল জয়েন্ট লিস্টের প্রধান ইউসুফ জাবারিনও এসব হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি সম্প্রসারণ ও সরকারের নীতির কারণেই এ ধরনের হামলা হচ্ছে। বর্তমান সরকারের অধীনে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে।
এসব সহিংসতায় বেন-গভির ও স্মোট্রিচের উৎসাহ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গত ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারান। এরপর ১০ নভেম্বর নতুন সরকার গঠন ছাড়াই পার্লামেন্ট সদস্যরা শপথ নেন।
পরে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ মধ্য-ডানপন্থী দল ইয়াশারের প্রধান গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। এ সময় নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন করতে না পারলে আইজেনকোটকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে আরব দলগুলোর সমর্থন নিতে হতে পারে। ইসরায়েলের পার্লামেন্টে মোট আসন ১২০টি।
আইজেনকোট সরকার গঠন করতে ব্যর্থ হলে আগামী বছর দেশটিতে আবার নির্বাচন হতে পারে। এদিকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশ্বের অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ মনে করে। এসব বসতি সম্প্রসারণের কারণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা কমে যাচ্ছে বলে মনে করে তারা। তবে ইসরায়েল এ অবস্থানের বিরোধিতা করে।











































