অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণী অভিনেত্রী মমিতা বাইজু। তীব্র জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন তিনি।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে অভিনেত্রীকে। ফলে এই সপ্তাহে অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনাও বাতিল করতে হয়েছে তার।
‘প্রেমালু’ ও ‘জানা নায়গন’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া মমিতার অস্ট্রেলিয়ায় একটি ওনাম উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। আগামী ৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘লেনড্যাক্সিস ক্লাইড ওনাম ২০২৬’ অনুষ্ঠানটি।
তবে মমিতার শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত করেছে ক্লাইড মালয়ালি অ্যাসোসিয়েশন। অভিনেত্রীর টিম ও অনুষ্ঠানস্থলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণের কাজ চলছে।

এদিকে আয়োজকদের পক্ষ থেকে প্রকাশ করা একটি ভিডিওতে অস্ট্রেলিয়ায় তাঁর জন্য অপেক্ষায় থাকা দর্শকদের উদ্দেশে কথা বলেছেন মমিতা।সেখানে তিনি জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মমিতা বাইজু বলেন, ‘দুর্ভাগ্যবশত, নির্ধারিত তারিখে আমি সেখানে উপস্থিত থাকতে পারছি না। আমি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছি। যদি কোনোভাবে সম্ভব হতো, আমি অবশ্যই আসতাম, কিন্তু ডাক্তাররা আমাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন।’
অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় হতাশাও প্রকাশ করেছেন অভিনেত্রী।তবে শারীরিক পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়া সফর বাতিল করা ছাড়া তাঁর সামনে আর কোনো উপায় ছিল না বলেও জানান তিনি।

এর আগে ক্লাইড মালয়ালি অ্যাসোসিয়েশন মমিতাকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ঘোষণা করেছিল। তাঁকে ঘিরে ওনাম উদ্যাপনের প্রস্তুতিও চলছিল জোরেশোরে। শেষ মুহূর্তে তাঁর সফর বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজন না করে সেটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজকরা।
মমিতা আয়োজক ও তাঁর সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকা সবাইকে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি ক্লাইড পরিবারের সাথে দেখা করতে আসতে চাই। আমি সবার কাছে ক্ষমা চাইছি। এই পরিস্থিতির কারণেই আমাকে অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে। আশা করি, এটি অন্য কোনো সময়ে সম্ভব হবে।’
আয়োজকরা জানিয়েছে, মমিতার টিমের সঙ্গে আলোচনা এবং অনুষ্ঠানস্থলের প্রাপ্যতা নিশ্চিত হওয়ার পরই নতুন তারিখ ঘোষণা করা হবে।











































