সীমান্ত ছাড়িয়ে একাধিক দেশে ছড়িয়েছে ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়া

ইন্দোনেশিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়াশা এবার ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। সীমান্ত ছাড়িয়ে ঘন এই ধোঁয়া মালয়েশিয়া ও ফিলিপাইনসহ পার্শ্ববর্তী দেশগুলোতে দেখা দেওয়ায় তৈরি হয়েছে চরম আতঙ্ক।

ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোর্নিও দ্বীপের কালিমান্তান অঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে তৈরি হওয়া বিষাক্ত ধোঁয়াশায় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন লাখ লাখ মানুষ। শ্বাসতন্ত্রের তীব্র সংক্রমণ নিয়ে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন হাজার হাজার অধিবাসী।

ফিলিপাইনের চিকিৎসক প্রেসিয়াস বানাস-মেলাদ জানান, গত সপ্তাহের ধোঁয়াশার পর সম্প্রতি বাতাসে পোড়া গন্ধও পাওয়া যাচ্ছে। প্রথমে ঘরের সরঞ্জাম পোড়ার গন্ধ ভেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও, পরে জানা যায় এটি ইন্দোনেশিয়ার দাবানল থেকেই এসেছে।

আকাশজুড়ে ঘন ধোঁয়াশা জমে থাকায় অগ্নিনির্বাপক বিমান থেকে পানি ফেলা এবং কৃত্রিম বৃষ্টির চেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নতুন করে আগুনের সূত্রপাত ঠেকাতে হাজার হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। দীর্ঘস্থায়ী এই আগুন অঞ্চলের দুর্লভ বন্য প্রাণীদের জন্যও চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।

LEAVE A REPLY