‘বাজিগর’ সিনেমায় শাহরুখ খানকে মারধরের দৃশ্য নিয়ে এক ভক্তের প্রশ্নের মুখে পড়েছিলেন অভিনেতা দিলীপ তাহিল। বিমানবন্দরে এক নারী ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি শাহরুখকে কেন মেরেছিলেন?’ সেই প্রশ্নের মজার জবাব দিয়েছিলেন এই অভিনেতা।
বর্তমানে করণ জোহর সঞ্চালিত রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স ২’-এর প্রতিযোগী দিলীপ তাহিল। পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে তার অভিনীত অন্যতম আলোচিত চরিত্র ‘বাজিগর’-এর মাদান চোপড়া।
‘বাজিগর’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন দিলীপ।সিনেমাটিতে খলনায়কের চরিত্রে দেখা যায় তাকে। সম্প্রতি ‘স্ক্রিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সিনেমাকে ঘিরে ভক্তের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা জানান তিনি।
দিলীপ বলেন, লন্ডনের হিথরো বিমানবন্দরে এক নারী ভক্ত তার কাছে এসে ‘বাজিগর’-এর একটি দৃশ্য নিয়ে প্রশ্ন করেন। ওই নারী জানতে চান, তিনি কেন শাহরুখকে মেরেছিলেন।জবাবে দিলীপ মজা করে বলেন, ‘শান্ত হও। সেও আমাকে মেরেছিল।’
কেন এত জনপ্রিয় এআই ড্রামা ‘মাফিয়া ডন’
তবে এতে ওই ভক্তের কৌতূহল কমেনি। তিনি আবারও বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনি তাকে এত মারলেন কেন?’ তখন দিলীপ তাকে আশ্বস্ত করে বলেন, শাহরুখ ভালো আছেন এবং তাদের দুজনেরই কোনো সমস্যা নেই।বিষয়টি নিয়ে ওই ভক্ত বেশ আবেগপ্রবণ ছিলেন বলেও জানান তিনি।
শাহরুখ খানের সঙ্গে এখনো যোগাযোগ আছে কি না, জানতে চাইলে দিলীপ বলেন, শাহরুখ এখন অনেক ব্যস্ত এবং নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকেন। তবে দেখা হলে তাদের মধ্যে যথেষ্ট আন্তরিকতা থাকে।
‘বাজিগর’-এর পরও শাহরুখের সঙ্গে কয়েকটি সিনেমায় কাজ করেছেন দিলীপ। এর মধ্যে রয়েছে ‘রা. ওয়ান’ ও ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’।
এদিকে ‘দ্য ট্রেইটর্স ২’-এ কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন দিলীপ। শুরুতে তিনি ভেবেছিলেন, অনুষ্ঠানটির সবকিছুই চিত্রনাট্য অনুযায়ী হয়। পরে বুঝতে পারেন, এটি পুরোপুরি চিত্রনাট্যবিহীন।









































