‘আন্ধার’-এর টিজারে সিয়ামের নীল চোখের রহস্য

ভয় শুধু অন্ধকারে লুকিয়ে থাকে না, কখনো কখনো তা দেখা দেয় পরিচিত কোনো মুখে, নিঃশব্দ কোনো চাহনিতে কিংবা আয়নার ওপাশে দাঁড়িয়ে থাকা অচেনা এক ছায়ায়। রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’-এর টিজার যেন সেই ভয়কেই সামনে এনেছে। রহস্য, মৃত্যু, কালোজাদু আর অশুভ শক্তির ইঙ্গিত দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটির টিজার। আর প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে নতুন করে তৈরি হয়েছে কৌতূহল।

এক মিনিট ২৬ সেকেন্ডের টিজারজুড়ে গল্পের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আবহ ও রহস্য। শুরুতেই আয়নার সামনে থাকা এক নারীর দিকে ধীরে ধীরে এগিয়ে আসে একটি ভয়ংকর হাত। এরপর পর্দায় ভেসে ওঠে একের পর এক অস্বস্তিকর দৃশ্য—বাথটাবে পড়ে থাকা প্রাণহীন দেহ, রক্তমাখা হাত, অন্ধকার জঙ্গলে রহস্যময় অবয়ব আর কালোজাদুর নানা অদ্ভুত আচার। গম্ভীর আবহসংগীতের সঙ্গে দৃশ্যগুলোর উপস্থাপন টিজারে তৈরি করেছে শিরদাঁড়া হিম করা পরিবেশ।

‘আন্ধার’-এ নাজিফা তুষিকে দেখা গেছে এক রহস্যময় নারীর চরিত্রে। কোনো অশুভ শক্তির নজরে পড়ার পর তার জীবন কীভাবে বিপর্যস্ত হয়ে ওঠে, টিজারের বিভিন্ন দৃশ্যে তারই আভাস মিলেছে। তবে চরিত্রটির প্রকৃত পরিচয় কিংবা তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পেছনের রহস্য এখনো স্পষ্ট করা হয়নি। বরং টিজার যত এগিয়েছে, ততই বেড়েছে প্রশ্ন।

সিয়াম আহমেদের উপস্থিতি অবশ্য টিজারের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি। তাকে কখনো লাশের সামনে চিন্তিত অবস্থায়, আবার কখনো দেখা গেছে অ্যাকশন দৃশ্যে। কিন্তু তার চরিত্রটি আসলে কোন পক্ষের—সেটি নিয়ে কোনো ইঙ্গিতই স্পষ্ট করেনি টিজার। বরং শেষদিকে তার জ্বলজ্বলে নীল চোখের ক্লোজআপ রহস্য আরও ঘনীভূত করেছে। কয়েক সেকেন্ডের সেই দৃশ্যই এখন দর্শকদের আলোচনার অন্যতম বিষয়।

চঞ্চল চৌধুরী ও গাজী রাকায়েতকেও টিজারে দেখা গেছে অল্প সময়ের জন্য। তবে তাদের উপস্থিতিও গল্পের রহস্য ভাঙার বদলে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ফলে সিনেমাটির গল্পে কে নায়ক, কে খলনায়ক কিংবা আদৌ প্রচলিত সেই বিভাজন আছে কি না—এসব প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে।

বড় পরিসরের এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই ছিল দর্শকদের আগ্রহ। সিনেমাটির পোস্টার প্রকাশের পর অভিনয়শিল্পীদের লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। সেখান থেকেই টিজারের অপেক্ষায় ছিলেন দর্শকরা। এবার টিজার প্রকাশের পর সেই আগ্রহ আরও কয়েক ধাপ বেড়েছে।

শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত ‘আন্ধার’কে দেশের সিনেমা অঙ্গনের অন্যতম বড় বাজেটের সিনেমা হিসেবে বলা হচ্ছে। রায়হান রাফীর পরিচালনায় এতে সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও চঞ্চল চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিনসহ আরও অনেকে।

টিজারের শেষেই জানানো হয়েছে, আগামী অক্টোবর মাসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’। তবে তার আগে টিজারে ছড়িয়ে দেওয়া রহস্যের জট কতটা দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

LEAVE A REPLY