র‍্যাবের জন্য কেনা হচ্ছে আরো ১৬৭ গাড়ি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বহরে নতুন করে ১৬৭টি গাড়ি যুক্ত হচ্ছে। এসব গাড়ি কিনতে ব্যয় হবে প্রায় ১২০ কোটি টাকা।র‍্যাবের আভিযানিক সক্ষমতা বাড়াতে উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে গাড়িগুলো কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অর্থ ব্যয়ের অনুমোদন চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রস্তাবিত গাড়ির মধ্যে রয়েছে, ৫০টি প্যাট্রল পিকআপ, ৪৪টি শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস, ৫০টি প্যাট্রল কার, তিনটি ডগ ভ্যান, ১০টি ট্রাক, তিনটি জিপ, দুটি রিকভারি ভেহিকল, একটি মোবাইল ওয়ার্কশপ ভেহিকল ও চারটি রায়ট ভ্যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ জুলাই র‍্যাব ফোর্সেসের ‘আভিযানিক সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম স্বাক্ষরিত চিঠিতে ১৬৭টি গাড়ি কেনার বিস্তারিত চাহিদাপত্র পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।এর পরিপ্রেক্ষিতে ২ আগস্ট পুলিশ সদর দপ্তর গাড়িগুলো কেনার সুপারিশসহ প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। পরে ১৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থ বিভাগের কাছে গাড়ি কেনার জন্য অর্থ ব্যয়ের অনুমোদন চায়।

এদিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।তবে নাম পরিবর্তনের প্রক্রিয়া এখনো শেষ না হওয়ায় সরকারি নথিতে এলিট ফোর্সটির নাম র‍্যাব হিসেবেই উল্লেখ করা হচ্ছে।

এর আগে গত মে মাসে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

LEAVE A REPLY