মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, পাল্টা মার্কিন অভিযানে ৩ ট্যাংকার ধ্বংস

হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরানের ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইরানি জাহাজে নৌ অবরোধের জবাবে তারা মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরি ও একটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে এবং পরবর্তী আক্রমণের আশঙ্কায় মার্কিন জাহাজ দুটি উক্ত এলাকা ছাড়তে বাধ্য হয়।

আইআরজিসির এই দাবির পরই পাল্টা বিবৃতি দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকম জানিয়েছে, তাদের একটি বিমানবাহী রণতরি এবং একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইরানি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে এড়িয়ে গেছে এবং এতে কোনো মার্কিন সৈন্য আহত হননি। তবে এর জবাবে খাগ দ্বীপের উপকূলে আইআরজিসির দুটি অপরিশোধিত তেলবাহী জাহাজকে স্থায়ীভাবে অচল করে দিয়েছে মার্কিন বাহিনী।এ ছাড়া ওমান উপসাগরে এমটি কাইলো নামের আরেকটি ইরানি তেল ট্যাংকার ধ্বংস করে দেওয়ার কথাও নিশ্চিত করেছে সেন্টকম।

উভয় পক্ষ থেকেই সমুদ্রপথে পাল্টাপাল্টি হুশিয়ারি ও সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। আইআরজিসি হরমুজ প্রণালিতে অননুমোদিত জলপথ পরিহার করতে সাধারণ জাহাজগুলোকে সতর্ক করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের স্বার্থ রক্ষায় যেকোনো পদক্ষেপ নেবে, ফলে সমগ্র অঞ্চলে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।

LEAVE A REPLY