গাজীপুরে চীনা ব্যবসায়ীর ১ কোটি টাকা চুরি, গ্রেপ্তার ৩

গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার চীনা মালিকের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) শিল্প পুলিশ-২ গাজীপুরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজেন্দ্রপুরের কারখানা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে যাত্রাবিরতি করেন ল্যাভেন্ডার ফ্যাশনের চাইনিজ চেয়ারম্যান। এ সময় তার ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসান গাড়িতে থাকা শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য ব্যয়ের জন্য রাখা ১ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। পরে মালিককে অনুশোচনামূলক একটি খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে আত্মগোপনে চলে যান ওই চালক।

এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা হলে শিল্প পুলিশ-২, গাজীপুর ছায়াতদন্ত শুরু করে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে ঢাকা, গাজীপুর ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর থেকে মূল অভিযুক্ত জেলার হরিণাকুন্ডু থানার কুলবাড়িয়া গ্রামের মো. দবির উদ্দিনের ছেলে গাড়ি চালক মো. জাহিদ হাসানকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

তার সহযোগী ঝিনাইদহ জেলার সদর থানার কাঞ্চননগর গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে মো. আক্তারুজ্জামানের (৫১) কাছ থেকে ১ লাখ ৩ হাজার টাকা এবং তার স্ত্রী রংপুর জেলার তাড়াগঞ্জ থানার পলাশবাড়ি গ্রামের মো. সামসুল হকের মেয়ে নাসিমা আক্তারের (২৪) টঙ্গীর বাসা থেকে ১০ লাখ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আমজাদ হোসাইন আরো জানান, চুরি করা টাকা থেকে জাহিদ নতুন বাসা ভাড়া, আসবাবপত্র কেনা এবং ৩৩ হাজার টাকা দিয়ে নতুন মোবাইল ফোন কেনাসহ মোট প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেন। অভিযানকালে চোরাই টাকায় কেনা আসবাবপত্র ও মোবাইল ফোনও উদ্ধার করে জব্দ করা হয়েছে। উদ্ধার করা টাকা ও মালামালসহ গ্রেপ্তারদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY