বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য তো মেলেইনি, এবার ডিজিটাল স্বত্বের মূল্যায়নেও বড় ধাক্কার মুখে পড়েছে যশ অভিনীত ‘টক্সিক’। প্রায় ৫০০ কোটি রুপি বাজেটের এই গ্যাংস্টার অ্যাকশন-ড্রামা সিনেমাটি মুক্তির পর বড়সড় ওপেনিং করলেও নেতিবাচক দর্শক প্রতিক্রিয়ার কারণে দ্রুতই আয় হারাতে শুরু করে।আর এর প্রভাব পড়েছে সিনেমাটির ওটিটি স্বত্বের বাজারমূল্যেও।
ভারতীয় সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদন অনুযায়ী, মুক্তির আগে ‘টক্সিক’-এর ওটিটি স্বত্বের জন্য ১৫০ কোটি রুপির প্রস্তাব পেয়েছিলেন নির্মাতারা। তবে নির্মাতাদের প্রত্যাশা ছিল আরো বেশি—২০০ কোটি রুপির ওপরে। যশও সিনেমাটি প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার ব্যবসা করবে বলে আশাবাদী ছিলেন।সেই সাফল্যের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে ওটিটি স্বত্ব ২০০ কোটি রুপিরও বেশি দামে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল।
কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে সিনেমাটির সব ভাষার পোস্ট-থিয়েট্রিক্যাল স্ট্রিমিং স্বত্বের জন্য মাত্র ৩০ কোটি রুপির কাছাকাছি প্রস্তাব আসছে বলে দাবি করা হয়েছে।
বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সূত্রের ভাষ্য, “টক্সিক টিম একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম থেকে ১৫০ কোটি রুপির প্রস্তাব পেয়েছিল, কিন্তু টিমের পক্ষ থেকে এর চেয়ে অনেক বেশি, ২০০ কোটিরও বেশি দাবি করা হয়েছিল।যশ আত্মবিশ্বাসী ছিলেন যে ছবিটি প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার ব্যবসা করবে এবং এর ফলে প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্মে এর দাম ২০০ কোটিরও বেশি হয়ে যাবে। কিন্তু ফলাফল ঠিক তার উল্টো, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন সব ভাষার জন্য প্রেক্ষাগৃহে মুক্তির পর স্ট্রিমিং স্বত্বের জন্য মাত্র ৩০ কোটি রুপিরও কম প্রস্তাব দিচ্ছে।”
শুধু স্বত্বের মূল্য কমে যাওয়াই নয়, ওটিটির জন্য সিনেমাটির আলাদা সংস্করণ তৈরির কথাও ভাবছেন নির্মাতারা। সিনেমাটির প্রাপ্তবয়স্কদের উপযোগী গল্প বলার ধরন বিবেচনায় নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নতুনভাবে সম্পাদিত সংস্করণ তৈরি করা হতে পারে। এর মাধ্যমে লোকসানের পরিমাণ কিছুটা কমানোর চেষ্টা করছেন নির্মাতারা।
সূত্রটি আরো জানিয়েছে, “নির্মাতারা এখন ডিজিটাল সংস্করণের জন্য সম্পূর্ণ নতুন একটি সম্পাদনার কথা ভাবছেন, যার মাধ্যমে প্রস্তাবিত অর্থের চেয়ে বেশি আয় করার আশা করা হচ্ছে। লোকসান কমানোর উপায় বের করতে আলোচনা চলছে, যার মধ্যে একটি হলো ওটিটি-র জন্য নতুন একটি সংস্করণ তৈরি করা।”
এদিকে সিনেমাটিকে ঘিরে সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নানা আলোচনা। রেডিটের এক ব্যবহারকারী দাবি করেছেন, টিকিট বুকিং প্ল্যাটফর্ম বুক মাই শো ‘টক্সিক’-এর রেটিং সরিয়ে দিয়েছে।
তাঁর দাবি, আগে সিনেমাটির পাশে ৫.৫/১০ রেটিং দেখা গেলেও এখন সেখানে শুধু লাইক বা পছন্দের সংখ্যা দেখানো হচ্ছে। যদিও এই দাবি নিয়ে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি।
বক্স অফিসের হিসাবেও ছবিটির প্রত্যাশিত সাফল্যের প্রতিফলন নেই। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ‘টক্সিক’-এর নিট আয় ২৪৩.৪০ কোটি রুপি। আর ভারতীয় বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২৯০.৫০ কোটি রুপি।
গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’ একটি পিরিয়ড গ্যাংস্টার অ্যাকশন-ড্রামা। গোয়াকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। সিনেমাটি প্রযোজনা করেছে কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স।









































