হলিউডের কিংবদন্তি অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন সম্প্রতি জানিয়েছেন, কেন তিনি বিখ্যাত চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি ‘রকি’-র মাধ্যমে নিজের জীবনসংগ্রামের গল্প পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন। চ্যাট শো ‘দ্য টুনাইট শো স্টাররিং জিমি ফ্যালন’-এ উপস্থিত হয়ে নিজের জীবনের নানা চড়াই-উতরাই ও এই সিনেমার পেছনের ভাবনার কথা শেয়ার করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থাপক জিমি ফ্যালন তার ১৩ বছরের মেয়ের সঙ্গে ‘রকি’ সিনেমা দেখার অভিজ্ঞতা শেয়ার করে জানান, রকির কঠোর পরিশ্রম ও সংগ্রামের গল্প আজও নতুন প্রজন্মকে একইভাবে মুগ্ধ করে। এর জবাবে স্ট্যালোন বলেন, ‘প্রত্যেকের জীবনেই একটি গল্প থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই তা প্রকাশ করার সুযোগ পান না। আমার কাছে সেই সুযোগটি এসেছিল।’
নিজের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরো বলেন, ‘আমার জীবন অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে।ভাবলাম, আমার এই অভিজ্ঞতাগুলো মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। এতে হয়তো কেউ এই শিক্ষা পাবেন যে, জীবনের পথ যতই কঠিন হোক লড়াই চালিয়ে যেতে হবে এবং এই লড়াইয়ে কেউ একা নন।’
এদিকে স্ট্যালোনের এই বাস্তব জীবনের অনুপ্রেরণাদায়ক লড়াই নিয়েই নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘আই প্লে রকি’। আন্তর্জাতিক অঙ্গনে রকি বালবোয়া চরিত্রটি বিশ্বব্যাপী সাংস্কৃতিক প্রতীক হয়ে ওঠার আগে তিনি কিভাবে সামান্য অর্থ আর সীমিত সুযোগ নিয়ে একজন সংগ্রামী অভিনেতা থেকে শীর্ষ অ্যাকশন তারকায় পরিণত হয়েছিলেন, তা তুলে ধরা হবে এই চলচ্চিত্রে।










































