কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে লালন শাহ মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে মাজার এলাকা থেকে বের করে দেয়।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা এনসিপির আহ্বায়ক শোভন আহমেদ বলেন, ব্যক্তিগত সফরে নাসীরুদ্দীন পাটওয়ারী ছেঁউড়িয়ার লালন মাজারে গিয়েছিলেন। সেখানে তিনি স্থানীয় বাউল শিল্পীদের গান শোনেন।পরে মাজার থেকে বের হয়ে মূল ফটকের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা ও ধাওয়া করেন। পরে তাকে মাজারের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
শোভন আহমেদ আরো বলেন, কারা এবং কী কারণে হামলা করেছে, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে নিরাপদে মাজার এলাকা থেকে বের করে দেয়।
ওসি আরো বলেন, মাজার এলাকার বাইরে যাওয়ার পর তারা পুলিশি প্রটোকল ছাড়াই চলে যান। এ ঘটনায় মামলা করবেন কি না বা তারা কোথায় গেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তাৎক্ষণিকভাবে হামলার কারণ, হামলাকারীদের পরিচয় ও গাড়ি ভাঙচুরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।










































