প্রভাস ও তৃপ্তি দিমরির নতুন সিনেমা ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। আগামী বছর দীপাবলি উপলক্ষে ২৯ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।তবে একই উৎসবে মুক্তির সম্ভাবনা রয়েছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ ২’-এরও। ফলে দুই বহুল প্রতীক্ষিত সিনেমার বক্স অফিস লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রভাসের নতুন একটি পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ জানান ভাঙ্গা।
এর আগে ‘স্পিরিট’ ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল।পরে মুক্তির সময়সূচিতে পরিবর্তন আসে। ২০২৭ সালের মার্চ মাসেও সিনেমাটি মুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত আগামী বছরের ২৯ অক্টোবরকেই চূড়ান্ত মুক্তির তারিখ হিসেবে ঘোষণা করলেন পরিচালক।
এদিকে নীতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ ২’ও ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।সিনেমাটিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশকে দেখা যাবে। নামিত মালহোত্রা প্রযোজিত সিনেমাটির মুক্তির নির্দিষ্ট তারিখ অবশ্য এখনো ঘোষণা করা হয়নি।
ফলে ‘স্পিরিট’ ও ‘রামায়ণ ২’ একই দিনে মুক্তি পাবে, নাকি দীপাবলির ছুটিতে ভিন্ন সময়ে প্রেক্ষাগৃহে আসবে, তা এখনো স্পষ্ট নয়। তবে দুই সিনেমার মুক্তির সময় কাছাকাছি হলে উৎসবের মৌসুমে দর্শক টানার প্রতিযোগিতায় নামতে পারে বড় বাজেটের এই দুই ছবি।
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সর্বশেষ সিনেমা ছিল ‘অ্যানিম্যাল’।২০২৩ সালে মুক্তি পাওয়া রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি বিশ্বজুড়ে ৯০০ কোটি রুপির বেশি আয় করে। বাণিজ্যিক সাফল্যের দিক থেকে এখন পর্যন্ত এটিই ভাঙ্গার সবচেয়ে সফল সিনেমা।
প্রভাসকে নিয়ে ‘স্পিরিট’ নির্মাণের ঘোষণা ভাঙ্গা দিয়েছিলেন ২০২১ সালে। ২০২৫ সালের নভেম্বরে শুরু হয় সিনেমাটির শুটিং। এরপর কয়েক দফায় মুক্তির সময়সূচি নিয়ে পরিবর্তন এলেও এবার দীপাবলির সময়কেই বেছে নিয়েছে ছবিটির নির্মাতারা।











































