টাইগার শ্রফকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ৩

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন মোড়। অভিনেতাকে হত্যাচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে ভ্রমণের সময় তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন হরিয়ানার এবং অন্যজন মহারাষ্ট্রের বাসিন্দা। তদন্তকারীদের দাবি, তিনজনেরই যোগ রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এই হামলার পেছনে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা।হামলার আগে থেকেই টাইগারের গতিবিধির ওপর নজর রাখছিল তারা। অভিনেতার প্রতিদিনের রুটিন সম্পর্কে খোঁজখবর নেওয়ার পরই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, প্রতি রবিবার মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটবল মাঠে যান টাইগার। অভিযুক্তেরা তার এই অভ্যাস সম্পর্কে জানত বলে ধারণা করা হচ্ছে।সেই অনুযায়ী, মাঠ থেকে গাড়িতে করে ফেরার সময় অভিনেতাকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করা হয়।

হামলার পর পালানোর পথও আগে থেকে ঠিক করে রেখেছিল অভিযুক্তেরা বলে অভিযোগ। গুলি চালানোর পর তারা মুম্বাইয়ের ভিলে পারলে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে এগিয়ে যায়। পরে আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে রেখে বরিভলীর দিকে যাওয়া একটি ট্রেনে চড়ে বসে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পুলিশের নজর এড়াতে অভিযুক্তেরা মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবেশী গুজরাটেও প্রবেশ করেছিল।তাদের যাতায়াতের পথ এবং হামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি অডিও বার্তায় হামলার দায় স্বীকার করেছিলেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে হামলার নেপথ্যে প্রকৃত কারণ কী এবং গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতা কতটা, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

LEAVE A REPLY