সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)।
সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দরটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। (জিএসিএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, হামলায় বিমানবন্দরের ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মজিদ আল-নাজিলি নিশ্চিত করেছেন যে হুতি বাহিনী একদিনে চতুর্থবারের মতো ‘আল-রায়ান বিমানবন্দরে’ হামলা চালিয়েছে।বেসামরিক অবকাঠামোর ওপর এমন অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিমানবন্দরগুলোতে হামলা চালানো মূলত ইয়েমেনের জনগণের ওপর আক্রমণের সামিল, যা তাদের চলাচলের স্বাধীনতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
অন্যদিকে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি পৃথক এক বিবৃতিতে জানিয়েছেন, জোটের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে আসা ৪টি ড্রোন সফলভাবে ধ্বংস করেছে।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে গত কিছুদিন ধরে চালানো একের পর এক হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলায় ১ জন ভারতীয় নাগরিকসহ ১৩ জন প্রাণ হারান এবং শতাধিক মানুষ আহত হন।পরবর্তীতে (জিএসিএ) ১২ জনের মৃত্যু ও ৩০৯ জন আহত হওয়ার তথ্য জানায়। এ ছাড়া ৬ ও ৭ অক্টোবর কিং খালিদ ও আবহা বিমানবন্দরে টানা হামলায় আরো ৩ জন নিহত এবং ৩৬ জন আহত হন। এসব ধারাবাহিক হামলার ফলে নিরাপত্তার স্বার্থে ও ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য বিমানবন্দরগুলোর ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
পশ্চিম এশিয়ার এই চলমান অস্থিরতা ও উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক আলোচনায় তিনি জানান, সংঘাত এড়াতে কূটনীতি ও আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার যেকোনো উদ্যোগকে সমর্থন করবে নয়াদিল্লি।











































