বিশ্বজুড়ে বিনোদন ও প্রযুক্তি অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম ‘জিটিএ ৬’ বা ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১৯ নভেম্বর রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত এই ভিডিও গেমটি বাজারে আসার পরপরই বিশ্বজুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন মার্কিন ডলার আয় করে গেমটি ভেঙে দিয়েছে চলচ্চিত্র, সংগীত ও গেমিং জগতের অতীতের সব রেকর্ড।

‘জিটিএ ৬’ : ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ ৬) হলো বিশ্বখ্যাত ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের তৈরি একটি ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেম। এটি জনপ্রিয় ‘গ্র্যান্ড থেফট অটো’ সিরিজের অষ্টম প্রধান সংস্করণ এবং ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘জিটিএ ৫’-এর পরবর্তী সিক্যুয়েল। বর্তমানে গেমটি প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস কনসোলে খেলা যাচ্ছে।
টানা ৫২ ঘণ্টা না ঘুমিয়ে ‘জিটিএ ৬’ শেষ করলেন আইশোস্পিড, কাঁদলেন সমাপ্তি দেখে
গেমটির মূল পটভূমি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদলে তৈরি কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডা এবং এর প্রধান শহর আধুনিক ভাইস সিটি। পাশাপাশি কিস, গ্রাসরিভার্স, পোর্ট গেলহর্ন, অ্যামব্রোসিয়া ও মাউন্ট কালাগার মতো বৈচিত্র্যময় অঞ্চলও এতে যুক্ত করা হয়েছে।

এই প্রথম সিরিজের মূল পর্বে একজন পূর্ণাঙ্গ নারী প্রধান চরিত্র যুক্ত হয়েছে। অপরাধী জুটি বনি ও ক্লাইডের অনুপ্রেরণায় গড়া লুসিয়া কামিনোস এবং সাবেক সেনাসদস্য জেসন ডুভালকে ঘিরে গেমটির কাহিনি আবর্তিত হয়েছে। খেলোয়াড়রা মিশন চলাকালে বা সাধারণ ঘোরাফেরার সময় মুহূর্তের মধ্যে লুসিয়া ও জেসনের মধ্যে চরিত্র পরিবর্তন করতে পারেন। খেলোয়াড়দের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে দুই চরিত্রের সম্পর্ক এবং কাহিনির পরিণতি বদলে যায়।

হঠাৎ কেন আলোচনায়: মূলত অভাবনীয় বাণিজ্যিক সাফল্য, রেকর্ড পরিমাণ ইন্টারনেট ট্রাফিক এবং বাংলা গানের সংযুক্তিসহ বেশ কয়েকটি কারণে ‘জিটিএ ৬’ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের তথ্য অনুযায়ী, মুক্তির আগেই গেমটির ৩২.৫ মিলিয়ন কপি অগ্রিম বিক্রি বা প্রি-অর্ডার হয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ। এ ছাড়া গেমটি প্রি-লোডিংয়ের সময় বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে ৩৩.০৩ টেরাবিট ইন্টারনেট ট্রাফিকের নতুন বিশ্বরেকর্ড তৈরি হয়েছে। মুক্তির প্রথম দিনেই গেমটি ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করেছে, যেখানে ২০১৩ সালে ‘জিটিএ ৫’ প্রথম দিনে আয় করেছিল ৮০০ মিলিয়ন ডলার।
মুক্তির পরপরই ১৫০টির বেশি আন্তর্জাতিক রিভিউয়ের ভিত্তিতে মেটাক্রিটিকে ১০০-এর মধ্যে ৯৯ স্কোর অর্জন করেছে ‘জিটিএ ৬’, যা ১৯৯৮ সালের ‘দ্য লিজেন্ড অব জেল্ডা: ওকারিনা অব টাইম’ গেমের সমান। গেমটির গ্রাফিক্স, ৩৩ হাজারের বেশি স্বতন্ত্র নন-প্লেয়েবল ক্যারেক্টার (এনপিসি) সমৃদ্ধ জীবন্ত পরিবেশ এবং আবেগঘন গল্পের প্রশংসা করছেন সমালোচকরা।

গেমটির প্রচারণার অংশ হিসেবে বাস্তবের মিয়ামি শহরকে ‘ভাইস সিটি’র রূপ দেওয়া হয়েছে। এমনকি এনবিএ দল ‘মিয়ামি হিট’ বিশেষ ভাইস সিটি জার্সি পরে মাঠে নেমেছে।
এদিকে গেমটির ইন-কার রেডিও স্টেশন ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’-এ কলকাতার সংগীতশিল্পী রূপা বিশ্বাসের গাওয়া ১৯৮২ সালের বাংলা ডিস্কো গান ‘আজ শনিবার’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বাংলাদেশ ও ভারতের বাংলাভাষী দর্শক-শ্রোতাদের মধ্যেও গেমটি নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

এ ছাড়া গেমটি উন্মুক্ত হওয়ার পর জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড না ঘুমিয়ে টানা ৫২ ঘণ্টা ৩০ মিনিট লাইভ স্ট্রিমিং করে এর মূল গল্প শেষ করেন এবং শেষ দৃশ্য দেখে হতাশায় কেঁদে ফেলেন।
এর আগে স্ট্রিমার ব্রাইস-এক্সডি ৪০ ঘণ্টার কম সময়ে গেমটি শেষ করার দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনা ছড়িয়ে পড়ায় গেমটি নিয়ে আলোচনা আরও তুঙ্গে উঠেছে।
সূত্র: ডয়েস ভেলে (DW), দ্য গার্ডিয়ান, উইকিপিডিয়া এবং টাইমস অব ইন্ডিয়া










































