‘খান পরিবার আমার পরিবারের মতোই’, লারিসার মন্তব্যে ফের চর্চায় আরিয়ানের প্রেম

শাহরুখ খানপুত্র আরিয়ান খানের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তার প্রেম ও বিয়ে নিয়ে বলিউডে আলোচনা কম হয় না।একসময় অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তা এখন অতীত। বেশ কিছুদিন ধরে আরিয়ানের সঙ্গে নাম জড়িয়েছে ব্রাজিলিয়ান অভিনেত্রী ও মডেল লারিসা বোনেসির। এবার শাহরুখের পরিবারকে নিয়ে লারিসার মন্তব্য নতুন করে উসকে দিয়েছে সেই প্রেমচর্চা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লারিসার সঙ্গে সম্পর্কে রয়েছেন আরিয়ান।যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি শাহরুখপুত্র। তবে বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে তাদের উপস্থিতি ঘিরে মাঝেমধ্যেই তৈরি হয়েছে আলোচনা। এবার এক সাক্ষাৎকারে খান পরিবারের প্রতি নিজের ভালোলাগা ও শ্রদ্ধার কথা জানিয়েছেন লারিসা।

সম্প্রতি ‘বোম্বে টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখের পরিবারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।তিনি বলেন, ‘খান পরিবার অনেকটা আমার নিজের পরিবারের মতোই। জীবনে ওরা যা অর্জন করেছেন, তাতে ওদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান তো রয়েছেই, ওরা মানুষ হিসেবে ভীষণ ভালো। ওদের সমর্থন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বন্ধুত্বই সবকিছু আর বন্ধুত্বই জীবনে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে।’

আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তার কাজের প্রশংসা করেছেন লারিসা।আরিয়ানকে অসাধারণ মানুষ উল্লেখ করে তিনি বলেন, ‘আরিয়ান একজন অসাধারণ মানুষ। ও নিজের কাজ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ। অনেকেই হয়তো বলে যে ওর সবকিছু আছে কিন্তু ও এসবের পরোয়া করে না। ও লড়াই করে নিজের ভবিষ্যৎ তৈরি করে নিতে চায়। ও ওর লক্ষ্যে একদিন ঠিক পৌঁছাবে, কারণ নিজের কাজ নিয়ে ও ভীষণ সচেতন।’

৩১ বছর বয়সী লারিসা বোনেসি ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী। এক দশকেরও বেশি সময় ধরে ভারতের বিনোদনজগতে কাজ করছেন তিনি। ‘গো গোয়া গন’ (২০১৩), ‘থিক্কা’ (২০১৬), ‘রকেট রাজা’ (২০১৭) ও ‘ঘাটি’ (২০২৫)-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০২৪ সাল থেকে আরিয়ানের সঙ্গে লারিসার নাম জড়াতে শুরু করে। গত বছর আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে লারিসাকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায়। সেই উপস্থিতির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়। যদিও দুজনের কেউই এখন পর্যন্ত এই গুঞ্জনের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি।

শাহরুখ খান ও গৌরী খানের বড় সন্তান আরিয়ান খান। বাবার মতো অভিনয়জগতে পা না রেখে লেখক ও নির্মাতা হিসেবে ক্যামেরার পেছনে কাজ করার পথ বেছে নিয়েছেন তিনি। তার নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ গত বছর নেটফ্লিক্সে মুক্তি পায়। সিরিজটি দর্শকদের মধ্যে আলোচনাও তৈরি করে। শোনা যাচ্ছে, এর দ্বিতীয় দ্বিতীয় নির্মাণের অনুমোদন দিয়েছে নেটফ্লিক্স।

কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও যে আরিয়ানকে ঘিরে দর্শকদের আগ্রহ কম নয়, লারিসার সাম্প্রতিক মন্তব্যে তা আবারও স্পষ্ট। তবে তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে এখনো রহস্যই রয়ে গেছে।

LEAVE A REPLY