চাকরি হারানোর ‘ভয়’ পাচ্ছেন না সিমন্স

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। ছবি: মীর ফরিদ

বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা বাড়ছে। একের পর এক সিরিজে ব্যর্থতার পর প্রশ্ন উঠছে প্রধান কোচ ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়েও।

গুঞ্জন আছে, চাকরি হারাতে পারেন সিমন্স। তবে এসব নিয়ে একটুও চিন্তিত নন বাংলাদেশ কোচ। তার দাবি, চুক্তি কিংবা চাকরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কোনো আলোচনাই হয়নি।

দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরিয়ন টেস্ট সামনে রেখে সংবাদ সম্মেলনে সিমন্সকে তার চুক্তি ও চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল।জবাবে তিনি বলেন, ‘চুক্তি কিংবা অন্য কিছু নিয়ে আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আপনার প্রশ্নের যদি উত্তর দিই, আমি এসব নিয়ে মাথা ঘামাই না।’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে ক্যারিবীয় কোচ সিমন্সের। তার অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত ৯৫ ম্যাচ খেলে জিতেছে ৩৯টিতে।সাম্প্রতিক সময়ে দলের ধারাবাহিক ব্যর্থতায় অবশ্য সিমন্সের কোচিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অস্ট্রেলিয়া সফরে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেলেও এরপর আর সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হার, ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে জয়হীন থাকা, এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার। সব মিলিয়ে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ বাড়ছে।

এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেয় বিসিবি।সিরিজ হারের পর বিদায় নিতে হয়েছে ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদারকেও। এবার প্রধান কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিষয়টি নিয়ে অবশ্য সিরিজ চলাকালে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি বিসিবি সভাপতি তামিম ইকবাল। সিমন্সের পারফরম্যান্স মূল্যায়ন নিয়ে প্রশ্ন করা হলে তামিম বলেন, ‘যেহেতু একটা সিরিজ চলছে…আমার নিজস্ব মতামত নিশ্চয়ই আছে, আমি নিশ্চিত সামনে আপনারা অনেক কিছুই দেখবেন। এই মুহূর্তে একটা সিরিজ চলছে, আমাকে সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বাংলাদেশ দল আরেকটি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, এরপর ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা জানবেন।’

LEAVE A REPLY