ইসরায়েলে ঐক্যের সরকার গঠনে আলোচনা, প্রধানমন্ত্রিত্ব নিয়ে অচলাবস্থা

ইসরায়েলে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনে গাদি আইজেনকটের ‘ইয়াশার’ এবং তত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘লিকুদ’ পার্টির মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে।  ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এবং হারেৎজ-এর প্রতিবেদন অনুযায়ী, আজ রবিবার দুপুরে মধ্য ইসরায়েলের হার্জলিয়া শহরের ‘ড্যান আকাদিয়া হোটেলে’ দুই দলের প্রতিনিধিরা আলোচনায় বসেন।

সরকার গঠনে ডাক পাওয়া আইজেনকটের ইয়াশার দলের পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন সংসদ সদস্য হিলি ট্রপার, ইয়োয়াভ হোরোভিৎজ এবং গাই গুটম্যান। অন্যদিকে লিকুদ পার্টির  প্রতিনিধিত্ব করছেন লিকুদ পার্লামেন্টারি ফ্যাকশনের চেয়ারম্যান অফির কাৎজ এবং নেতানিয়াহুর দীর্ঘদিনের আইনজীবী মাইকেল রাবেলো। গত ১৫ নভেম্বর প্রথম দফার আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘বেইয়াচাদ’ দলের প্রতিনিধি থাকলেও আজকের বৈঠকে তাদের কোনো প্রতিনিধি উপস্থিত নেই।

বৈঠকে যোগ দেওয়ার সময় লিকুদ নেতা অফির কাৎজ বলেন, ’আমরা অন্তত আমাদের পক্ষ থেকে একটি আন্তরিক আলোচনার আশা করছি।আমরা আশা করি, তাঁদের পক্ষ থেকেও এটি কেবল লোকদেখানো কিছু হবে না।’

জাতীয় ঐক্য সরকার গঠনের লক্ষ্য নিয়ে এই আলোচনা শুরু হলেও প্রধানমন্ত্রিত্বের পদ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের অচলাবস্থা রয়েছে। লিকুদ দল চাইছে নেতানিয়াহুই পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রী থাকুন। অন্যদিকে আইজেনকট ও তার মিত্ররা নেতানিয়াহুর অধীনে কোনো সরকারে যোগ না দেওয়ার অবস্থানে অনড় রয়েছেন।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে কোনো দল বা জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যার ফলে দেশটিতে এক ধরনের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১ আসন প্রয়োজন। নির্বাচনে নেতানিয়াহু-সমর্থিত ডানপন্থী জোট পেয়েছে ৫৩ আসন। আর সাবেক সেনাপ্রথান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮ আসন।

আর ইসরায়েলের ইতিহাসে এবারই প্রথম আরব-সংখ্যাগরিষ্ঠ দলসমূহ ১৯ আসন পেয়ে সব হিসাব নিকাশ বদলে দেয়। তবে আরব দলের সমর্থনে সরকার গঠন করা ইসরায়েলের রাজনীতিতে খুবই স্পর্শকাতর। তাই দুই পক্ষই আরব দলগুলোকে এড়িয়ে সরকার গঠনের চেষ্টা করছে।

সরকার গঠনের জন্য ডাক পাওয়া গাদি আইজেনকট সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রথম দফায় ৬ ডিসেম্বর এবং সময় বাড়িয়ে সর্বোচ্চ ২০ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট ৩ দিনের মধ্যে নেসেটের অন্য কোনো সদস্যকে (যেমন বেনিয়ামিন নেতানিয়াহুকে) সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন। দ্বিতীয় ব্যক্তি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ২৮ দিন সময় পাবেন। দ্বিতীয় ব্যক্তিও ব্যর্থ হলে নেসেটের অন্তত ৬১ জন সংসদ সদস্য লিখিত অনুরোধের মাধ্যমে যেকোনো একজনকে প্রধানমন্ত্রী মনোনীত করতে পারবেন, যিনি সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পাবেন। উপরের সব প্রক্রিয়া ব্যর্থ হলে পার্লামেন্ট স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে এবং ৯০ দিনের মধ্যে ইসরায়েলে আবারও নতুন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাদি আইজেনকট জানিয়েছেন যে তিনি সময়সীমা বাড়ানোর অপেক্ষা না করে ৬ ডিসেম্বরের আগেই জোট গঠন বা একটি সংখ্যালঘু জরুরি সরকার নিয়ে নেসেটে আস্থা ভোটের আয়োজন করতে চান। এদিকে নেতানিয়াহু একটি জাতীয় ঐক্য সরকারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন; তার মতে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এটি প্রয়োজন। তার দল লিকুদ পার্টি একটি ঐক্য সরকারের জন্য কয়েকটি নীতিমালা প্রস্তাব করেছে, যার মধ্যে রয়েছে—ইসরায়েল ইহুদি জনগোষ্ঠীর জাতি-রাষ্ট্র এই বিষয়ে একমত হওয়া, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা, সিরিয়া, লেবানন ও গাজায় ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল বজায় রাখা এবং অতি-অর্থোডক্স সম্প্রদায়ের নেতাদের সাথে বিস্তৃত সমঝোতার মাধ্যমে সামরিক বাহিনীতে তাদের বাধ্যতামূলক নিয়োগের বিষয়ে একটি ব্যবস্থা করা।

LEAVE A REPLY