সংগৃহীত ছবি
ভারতের একাধিক সংবাদমধ্যমে খবর প্রকাশ হয়, দেশটির তিন সংস্করণের অধিনায়ক রোহিত শর্মাকে যেকেনো মূল্যে নিজ দল পাঞ্জাব কিংসে নিতে চান প্রীতি জনতা। এমন খবরে বেজায় চটেছেন বলিউড অভিনেত্রী। সে সব খবর তুলে ধরে এগুলোকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেন প্রীতি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শেয়ার করা একটি পোস্টে প্রীতি লিখেছেন, ‘এই সমস্ত খবর ভিত্তিহীন।
আমি রোহিত শর্মাকে অত্যন্ত সম্মান করি এবং আমি তার একজন বড় ভক্ত। কিন্তু আমি কখনোই কোনো সাক্ষাৎকারে তাকে নিয়ে আলোচনা করিনি বা এই বিবৃতি দিইনি।’
এবারের আইপিএলের শুরু থেকে আলোচনায় রোহিত। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দলকে ৫ বার শিরোপা জেতালেও এবার তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
কারণ হিসেবে জানানো হয়, শেষ কয়েক বছর সাফল্য এনে দিতে পারেননি রোহিত। মুম্বাইয়ের নতুন অধিনায়ক হয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এই অলরাউন্ডার ২০২২ সালে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেন। শিরোপা না জিততে পারলেও ২০২৩ ফাইনালে তুলেছিলেন গুজরাটকে।
হার্দিক মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার পর থেকেই রোহিতের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা। অনেকে মনে করছেন, রোহিত আর থাকবেন না মুম্বাইয়ে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে আইপিএলের মেগা নিলাম। সেই নিলামের সময় রোহিত দল বদলাতে পারেন বলে সংবাদ প্রকাশ হয়েছে।
শোনা যাচ্ছিল রোহিত লখনউ সুপার জায়ান্টসে যোগদান করতে পারেন।
তার মধ্যেই ছড়িয়ে পড়ে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিনতা চাচ্ছেন রোহিতকে নিজ দলে টানতে। তবে এসব ভিত্তিদিন বলে দাবি করলেন প্রীতি।










































