সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলের খুরাইস এলাকায় রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমথিত হুতি গোষ্ঠী।
হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এসব স্থাপনায় হামলা চালানো হয়েছে।তার দাবি, দুটি হামলাই সফলভাবে লক্ষ্য অর্জন করেছে।
ইয়াহইয়া সারি বলেন, হামলাগুলো ছিল নির্ভুল এবং এতে লক্ষ্যবস্তু এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সৌদি আরব ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালানোর প্রতিক্রিয়ায় এসব হামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
হুতিদের এই মুখপাত্র সতর্ক করে বলেন, সৌদি আরবের সামরিক ও জ্বালানি স্থাপনায় ভবিষ্যতে আরো হামলা চালানো হতে পারে।
ইয়াহইয়া সারির দাবি, গত ১২ ঘণ্টায় ইয়েমেনের রাজধানী সানা এবং আল-জাওফ, তাইজ, আমরান, হাজ্জাহ ও সাদাহ প্রদেশে সৌদি বাহিনী প্রায় ৫০টি বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তবে হুতিদের দাবি করা হামলায় সৌদি আরামকোর স্থাপনাগুলোর কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।










































