অবকাশের ফুরসত মিলছে না : কোনাল

সোমনূর মনির কোনাল

রোজার ঈদে একাধিক চলচ্চিত্রের গান দিয়ে আলোচনায় ছিলেন গায়িকা সোমনূর মনির কোনাল। কোরবানির ঈদে সেভাবে তাঁকে পায়নি শ্রোতারা। তাঁর ঈদ, বর্তমান ও আসন্ন ব্যস্ততার কথা শুনেছেন কামরুল ইসলাম।

ঈদের গান ও উদযাপন
ঈদে কোনালের বেশ কয়েকটি গান এসেছে।

রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ছবিতে একটি গান করেছেন জাহিদ নিরবের সঙ্গে। এ ছাড়া একাধিক নাটক ও টেলিছবিতে প্রকাশিত হয়েছে তাঁর গান। ঈদ কেমন কেটেছে জানতে চাইলে গায়িকা বলেন, ভালো গেছে। ঢাকায় ঈদ করেছি।

আব্বা নেই। তাই ঢাকাতেই ঈদ করি। ঈদের পরের দিন গিয়ে আব্বার কবর জিয়ারত করে এসেছি।

অবকাশের নেই ফুরসত
ঈদ ব্যস্ততা সেরে অনেক তারকা গেছেন অবকাশে।

কেউ দেশে, কেউ বিদেশের পর্যটন গন্তব্য বেছে নিচ্ছেন দম ফেলার জন্য। তবে কোনাল ফুরসত পাচ্ছেন না। তিনি বলেন, অনেক কাজ জমা। প্রতি দিনই রেকর্ডিং আছে। এই যে একটু পরই (গতকাল সন্ধ্যা) স্টুডিওতে যাব একটা গানের রেকর্ডিংয়ে।

তাই আপাতত ঘুরতে যাওয়ার প্ল্যান নেই। আবহাওয়াও এখন ভালো না। দেশের কোথাও গিয়ে যে ভালো করে ঘুরতে পারব, তাও সম্ভব নয়। আর দেশের বাইরেও এখন যেতে চাচ্ছি না।

প্রসঙ্গ রুনা লায়লা
কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার প্রতি কোনালের বিশেষ ভালোলাগা রয়েছে, তা জানা কথা। কোনালের সংগীতজীবনে তাঁর প্রভাব কেমন? জবাবে গায়িকা বলেন, রুনা ম্যাডামকে আমি শিক্ষক মানি। শুধু গানের মানুষই না, দেশের সব মানুষই তাঁকে অনেক শ্রদ্ধা করে। বাংলা গানের বিশাল অংশজুড়ে তিনি। তাঁর গান শুনে বড় হয়েছি। তাঁকে আদর্শ মনে করি। রুনা ম্যাডামের সংগীতে ৬০ বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান হবে কয়েক দিন পর, সেখানে তিনি নিজেই আমার কথা বলেছেন। চারটি গান গাইব সেখানে। তাঁর আদর-স্নেহ পাওয়া অনেক সৌভাগ্যের।

রুনা লায়লার সঙ্গে প্রথম স্মৃতি
যার প্রতি এমন তীব্র ভালোলাগা, তাঁর সঙ্গে প্রথম দেখাটা কেমন ছিল? ‘২০০৯ সালে চ্যানেল আই সেরা কণ্ঠে তাঁকে প্রথমবার দেখেছিলাম। সেদিন আমার জ্বর চলে এসেছিল। ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে তাঁর সামনে দাঁড়িয়ে গান করেছিলাম। আগের রাত থেকে প্রস্তুতি নিয়েছিলাম। অবাক করা বিষয় হলো, ওই দিন মিতালী মুখার্জি ম্যাডামের সেমি-ক্লাসিক্যাল একটি গান গেয়েছিলাম এবং রুনা ম্যাডাম স্ট্যান্ডিং ওভেশন দিয়েছিলেন, সঙ্গে সুবীর নন্দী স্যারও। এটা রুনা ম্যাডামের সঙ্গে আমার প্রথম স্মৃতি—বললেন কোনাল।

‘তুফান’ অভিজ্ঞতা এবং ফিসফাঁস
দেশের শোবিজে এখন সবচেয়ে আলোচিত নাম ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত ছবিটি দেখতে সাধারণ দর্শক যেমন উপচে পড়ছে, তেমনি ছুটছেন তারকারা। বুধবার রাতে কোনালও দেখেছেন ছবিটি। তাঁর প্রতিক্রিয়া, ‘খুব ভালো লেগেছে। আমি ফিল্ম সমালোচক নই, তাই বিস্তারিত কিছু বলতে পারব না।’ ‘তুফান’ ছবির গানের ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় কদিন ধরে চর্চা হচ্ছে, নেটিজেনদের কেউ কেউ টেনে আনছেন কোনালের নামও! বিষয়টি উল্লেখ করতেই গায়িকার পাল্টা প্রশ্ন—‘এই বিষয়ে আমাকে প্রশ্ন করাটা একেবারেই অবান্তর? আমি কি ‘তুফান’-এর অংশ?’

নতুন গানের খবর
কোনাল নিজেই বলেছেন, ব্যস্ততায় অবকাশের ফুরসত মিলছে না। তাই নতুন গানের খবর জানতে চাওয়া। তিনি বলেন, কিছু একক গান আসবে। কিছু সিনেমার গানও আসার অপেক্ষায়। পাশাপাশি কয়েকটা ডুয়েট গান করছি, যেগুলো ওই শিল্পীদের উদ্যোগে হচ্ছে, আমি দ্বৈত কণ্ঠ দিয়েছি। গানচিল থেকে আমার একটি গান করতে চাচ্ছে অনেক দিন ধরে, সেটাও আসবে শিগগিরই সুন্দর মিউজিক ভিডিওসহ। এ ছাড়া আমি নিজ উদ্যোগেও একটি গান করতে যাচ্ছি।

নিজের গানের শ্রোতা
অন্যদের গান হরহামেশা শোনেন। আবার স্টুডিওতে রেকর্ডিংয়ের সময় নিজের গানও শুনতে হয়। কিন্তু এর বাইরে অবসরে নিজের গানে শ্রোতা হয়ে কান পাতেন কি? শুনলে কেমন লাগে? কোনালের দাবি—শ্রোতা হিসেবে তো আমি আমার গান শুনতে পারব না, আমার মতো করেই শুনি। তবে হ্যাঁ, প্রকৃত শিল্পীর কাছে আজীবন নিজের গানগুলো নিয়ে মনে হবে, যদি আরেকটু ভালো হতো! পড়ালেখার ক্ষেত্রেও তাই। স্নাতক ও স্নাতকোত্তরে আমার সিজিপিএ অনেক ভালো। এর পরও মনে হয়, এমফিল করতে হবে, আরো ডিগ্রি নিতে হবে। নিজেকে উন্নত করার ইচ্ছাটা মানুষ যদি হারিয়ে ফেলে, তাহলে তো আর এগোতে পারবে না। পড়ালেখা, গান সব কিছুতেই প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করি।

LEAVE A REPLY