এই মুহূর্তে গোটা মুম্বাইয়ের চোখ ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে। শুক্রবার (১২ জুলাই) বিয়ের পিঁড়িতে বসেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বলিউড থেকে হলিউড, ভারতীয় ক্রিকেটদলের তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছেন বিয়েতে। তবে এত এত তারকার ভিড়ে ভারতের অন্যতম জনপ্রিয় তারকা অক্ষয় কুমার নেই! অথচ অনন্ত আম্বানি নিজে গিয়ে নিমন্ত্রণ দিয়ে এসেছিল এই তারকাকে।
তবে ইচ্ছা করেই বিয়েতে যাননি অক্ষয়, এমনটা নয়। হঠাৎ করেই কভিড আক্রান্ত হয়েছেন বলিউড খিলাড়ি। তাই অনন্ত-রাধিকার বিয়েতে যাননি তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হঠাৎই কভিডে আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার।
আপাতত নিজেকে আইসোলেশনে রেখেছেন অভিনেতা। কভিড আক্রান্ত হওয়ায় অনন্তের বিয়েতে যাননি অক্ষয়।
অনন্ত-রাধিকার বিয়ের দিনই মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন চলচ্চিত্র ‘সারফিরা’। জানা গেছে, এই সিনেমার প্রচারের সময়ই অসুস্থ বোধ করেন তিনি।
তাৎক্ষণিক পরীক্ষা করা হলে তার শরীরে ‘কভিড ১৯’ ধরা পড়ে। এরপরই পুরোপুরি বিশ্রামে চলে যান অভিনেতা।
শুক্রবার (১২ জুলাই) মুম্বাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। রোশনাইয়ে ঝলমল বিয়ের আসরে হাজির গোটা বিশ্বের ‘হেভিওয়েট’ ব্যক্তিত্বরা। উপচে পড়েছে গোটা বলিউড।
তিন দিনব্যাপী এই বিবাহ উৎসবের প্রথম দিন বিয়ে সম্পন্ন হয়েছে। ১৩ জুলাই অনুষ্ঠিত হবে শুভ আশীর্বাদ, ১৪ জুলাই মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন।









































