প্রচলিত কোরিয়ান সিরিজের গল্প ও নির্মাণশৈলীর বাইরে গিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন জিতে নিচ্ছে ডিজনি প্লাসের অরিজিনাল সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ইউরোপীয় ধাঁচের কাল্পনিক সাম্রাজ্য, রাজকীয় পোশাক, প্রাসাদ ষড়যন্ত্র আর প্রেমের গল্প নিয়ে নির্মিত সিরিজটি বিশেষ করে জেন-জি প্রজন্মের দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শুরুতে সিরিজটির টিজার প্রকাশের পর এর দৃশ্যায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। কোরিয়ান অভিনেতাদের পশ্চিমা নাম এবং ইউরোপীয় রাজপরিবারের আদলে পোশাক দেখে কেউ কেউ একে কসপ্লে অনুষ্ঠানের সঙ্গে তুলনা করেছিলেন। তবে ৩ নভেম্বর মুক্তির পর সেই ধারণা বদলে যায়। বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির মাত্র তিন দিনে ডিজনি প্লাসের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা স্থানীয় অরিজিনাল সিরিজের রেকর্ড গড়ে এটি।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ফ্রান্সসহ ৫০টিরও বেশি দেশে কোরিয়ান সিরিজের প্রিমিয়ারের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিরিজটি। বৈশ্বিক স্ট্রিমিং তালিকায় মার্ভেলের ‘ভিশন কোয়েস্ট’-এর পরই দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এটি। দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান ও জাপানেও শীর্ষস্থান ধরে রেখেছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’।
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে আন্তর্জাতিক দর্শকরা সিরিজটির দৃশ্যায়নকে ‘চোখধাঁধানো’ এবং গল্পের আবহকে ‘রূপকথার মতো’ বলে বর্ণনা করেছেন। মূল ওয়েবটুনের হুবহু রূপান্তর না হলেও স্বতন্ত্র কোরিয়ান ড্রামা হিসেবে এটি উপভোগ্য বলে মন্তব্য করেছেন অনেকে।

গল্পে প্রেম, বিচ্ছেদ ও ক্ষমতার লড়াই: নেভার ওয়েবটুনের জনপ্রিয় ওয়েব উপন্যাস ও ওয়েবটুন অবলম্বনে নির্মিত সিরিজটির গল্প আবর্তিত হয়েছে পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ে (শিন মিন-আহ) ও সম্রাট সোভিয়েশুকে (জু জি-হুন) ঘিরে। পলাতক দাসী রাশতার (লি সে-ইয়ং) প্রেমে পড়ে সম্রাট যখন সম্রাজ্ঞী নাভিয়েকে বিচ্ছেদের প্রস্তাব দেন, তখনই তাদের দাম্পত্য জীবনে ভাঙন ধরে।

তবে আত্মমর্যাদায় অটল নাভিয়ে ভেঙে না পড়ে বিচ্ছেদের প্রস্তাবে সম্মতি দেন। পাশাপাশি শর্ত রাখেন, প্রতিদ্বন্দ্বী পশ্চিম সাম্রাজ্যের যুবরাজ হেইনরিকে (লি জং-সুক) বিয়ে করার অনুমতি দিতে হবে তাকে। তার এই সিদ্ধান্তে দুই সাম্রাজ্যের রাজনৈতিক সমীকরণ জটিল হয়ে ওঠে এবং নিজের মর্যাদা ফিরে পেতে শুরু হয় নাভিয়ের নতুন লড়াই।
চো সু-ওন পরিচালিত এবং ইয়েও জিনা ও হিউন চুং-ইয়োল রচিত এই সিরিজটি মুক্তির আগেই আলোচনায় ছিল। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর বিশেষ প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে যায় এবং ট্রেলারটি ৪৮ ঘণ্টায় দেখা হয় ১ কোটি ৩০ লাখবার। মূল ওয়েবটুনটিও এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি ভিউ পেয়েছে।

পর্দার বাইরেও রাজকীয় অভিজ্ঞতা: সিরিজটির জনপ্রিয়তাকে কেন্দ্র করে ৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলের সিওংসু-দং এলাকায় চালু করা হয় ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ থিমের একটি ইন্টারঅ্যাকটিভ পপ-আপ স্টোর। সেখানে দর্শনার্থীদের পছন্দ অনুযায়ী ‘লেডি’ কিংবা ‘লর্ড’ উপাধি দিয়ে বিশেষ রাজকীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া হচ্ছে।
স্টোরের ভেতরে সম্রাজ্ঞী নাভিয়ের শয়নকক্ষ ও লেখার ঘরের আদলে সাজানো অংশের পাশাপাশি শিন মিন-আহের ব্যবহৃত পোশাক ও অলংকার প্রদর্শন করা হচ্ছে। বিশেষ ফটো বুথে রাজসিংহাসনে বসে ছবি তোলার সময় কর্মীরা রাজকীয় সহকারীর ভূমিকায় দর্শনার্থীদের প্রশংসা করছেন। ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কিম বো-মি জানান, ১০ মিনিট অপেক্ষা করে ভেতরে ঢুকে এক দিনের জন্য ‘লেডি দ্রাভিয়া’ উপাধি পাওয়ার অভিজ্ঞতা তাকে পুরো সিরিজটি দেখতে আগ্রহী করে তুলেছে।

কেন আলাদা ‘দ্য রিম্যারিড এমপ্রেস’: সাংস্কৃতিক সমালোচক জং দক-হিউনের মতে, কোরিয়ান ড্রামায় সাধারণত বাস্তবধর্মী গল্পের প্রাধান্য থাকলেও এখানে চরিত্রদের পাখিতে রূপান্তরিত হওয়ার মতো ফ্যান্টাসি উপাদান ও পশ্চিমা আবহ সাহসী সংযোজন। জমকালো সেট, পোশাক পরিকল্পনা ও সংযত পরিচালনার কারণে ফ্যান্টাসি আবহ অতিরঞ্জিত হয়নি। তার মতে, শিন মিন-আহ, জু জি-হুন, লি জং-সুক ও লি সে-ইয়ংয়ের অভিনয় গল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
প্রথম চারটি পর্ব একসঙ্গে মুক্তির পর ১১ নভেম্বর থেকে প্রতি বুধবার দুটি করে নতুন পর্ব প্রকাশ করা হচ্ছে। আগামী ২৫ নভেম্বর প্রচারিত হবে সিরিজটির শেষ পর্ব। যুক্তরাষ্ট্রে ডিজনি প্লাস ও হুলুতে এবং অন্যান্য দেশে ডিজনি প্লাসে দেখা যাচ্ছে সিরিজটি।
সূত্র: দ্য কোরিয়া টাইমস







































