এপেক সম্মেলনে পুতিন-ট্রাম্পের করমর্দন, ট্রাম্পকে বরণে চীনের নজিরবিহীন আয়োজন

ছবি: রয়টার্স।

চীনের শেনঝেনে আজ বুধবার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে করমর্দন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত সম্মেলনের পর এটিই ছিল তাদের প্রথম সাক্ষাৎ।

চীনের এই শহরে শি চিনপিং, পুতিন ও ট্রাম্পের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগের দিন তাদের দেখা হয়। এর আগে পুতিন চীনের প্রেসিডেন্ট শিয়ের সঙ্গে বৈঠক করেন।

এই ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে, ইউক্রেন ও ইউরোপকে আলোচনার বাইরে রেখে দেশ তিনটির নেতারা ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এমনকি বিশ্বকে নতুন করে প্রভাববলয়ে ভাগ করার বিষয়েও আলোচনা হতে পারে।শুরুতে ওয়াশিংটন জানিয়েছিল, ইউক্রেন ইস্যু আলোচনায় নাও আসতে পারে। তবে পরে ট্রাম্প নিশ্চিত করেন, বিষয়টি আলোচনার সূচিতে থাকবে।

ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে শি চিনপিং

এপেক সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন।সবচেয়ে বড় চমক ছিল, স্বয়ং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের উপস্থিতি। প্রায় সাত দশক পর চীনের কোনো শীর্ষ নেতা বিদেশি রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানাতে বিমানবন্দরে গেলেন। এর আগে ১৯৫৯ সালে মাও সেতুং সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন।

বিমানবন্দরে ফুল ও দুই দেশের পতাকা হাতে ট্রাম্পকে স্বাগত জানান চীনা তরুণ-তরুণীরা। ছিল সামরিক ব্যান্ডের পরিবেশনা এবং যুদ্ধবিমানের প্রদর্শনী।পাঁচটি জে-১০সি যুদ্ধবিমান আকাশে উড়ে রঙিন ধোঁয়া ছড়িয়ে অভ্যর্থনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সামরিক বাহিনীর সম্মানরক্ষীরাও তাকে অভিবাদন জানান। শিয়ের উপস্থিতিকে ঘিরে ট্রাম্পের মোটরবহরেও ছিল বিশেষ আয়োজন। বহরে ২০টির বেশি লিমুজিন গাড়ি ছিল। এর আগে শেনজেনে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তাকে স্বাগত জানান চীনের পঞ্চম সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তা সাই ছি। 

শি ও পুতিনের আলোচনা

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, শি ও পুতিনের আলোচনায় জ্বালানি ও অর্থনৈতিক বিষয় গুরুত্ব পাবে। এরপর সীমিত পরিসরে ইউক্রেন যুদ্ধ ও উত্তর কোরিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চলতি বছরে এটি তাদের পঞ্চম বৈঠক। বৈঠকে শি  দুই দেশের সরকার, পার্লামেন্ট, সামরিক বাহিনী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মুক্ত বাণিজ্যে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

অন্যদিকে, পুতিন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞার সমালোচনা করেন। তিনি বলেন, এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অগ্রগতি থামাতে পারেনি। তবে সম্মেলনে উপস্থিত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুদ্ধ চলতে থাকলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর করা হবে। ফিলিপাইনে আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট) সম্মেলনে অংশ নেওয়ার পর শেনঝেনে পৌঁছান ট্রাম্প। 

তিনি জানিয়েছেন, পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করতে চান। তবে কিমের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে কোনো বিস্তারিত তথ্য জানাননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনাও গুরুত্ব পেয়েছে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী ১০ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র চীনের সমপরিমাণ দুর্লভ খনিজ উৎপাদন করবে। 

LEAVE A REPLY