কঙ্গোর দুর্গম এলাকায় ছড়াচ্ছে ইবোলা, বাড়ছে উদ্বেগ

আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলার প্রাদুর্ভাব মোকাবিলায় কিছু অগ্রগতি হলেও নতুন করে উদ্বেগ বাড়ছে। রোগটি এখন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের আরো দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে।

  আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন স্বাস্থ্যকর্মীরা।

প্রাদুর্ভাব শুরুর ছয় মাস পর শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, কঙ্গোর পূর্বাঞ্চলের বুনিয়ার মতো কয়েকটি এলাকায় নতুন আক্রান্তের সংখ্যা কমছে। তবে গ্রামীণ ও দুর্গম এলাকাগুলোতে সংক্রমণ বাড়ছে। পাশাপাশি নিরাপত্তাহীনতার কারণে সেখানে চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্বাস্থ্য জরুরি কর্মসূচির প্রধান চিকওয়ে ইহেকওয়াজু বলেন, পরিস্থিতিতে আশাব্যঞ্জক কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তবে দুর্গম এলাকায় রোগের বিস্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এখন বড় উদ্বেগের বিষয়।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের ওপর ৮০টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কারণে আক্রান্তদের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ছে।

এদিকে ইবোলা মোকাবিলায় কাজ করা ফরাসি চিকিৎসা সহায়তা সংস্থা মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। সংস্থাটির মতে, প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি রয়েছে এবং ভাইরাসের বিস্তার এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

জাতিসংঘের ইবোলা সমন্বয়কারী জুলিয়েন হার্নিস এসব সমালোচনার জবাবে বলেন, ইবোলা মোকাবিলার কার্যক্রম পরিচালনার এলাকাটি অত্যন্ত বিস্তৃত। এত বড় এলাকায় কাজ করা কঠিন হলেও প্রায় ৮০ শতাংশ সময় সেখানে কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে।

উল্লেখ, চলতি বছরের মে মাসের মাঝামাঝি কঙ্গোতে এই প্রাদুর্ভাব শনাক্ত হয়।

ভাইরাসটির বিরল বান্ডিবুগিও প্রজাতির কারণে সংক্রমণ ছড়াচ্ছে। এই প্রজাতির বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত চিকিৎসা বা টিকা নেই। আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে যাওয়ায় এটি ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব হিসেবে বিবেচিত হচ্ছে।

LEAVE A REPLY