শেখ হাসিনার নামে আরো ৩ হত্যা মামলা

শেখ হাসিনা

বৈষম্যবিরোধী এবং সরকার পতনের আন্দোলনে বিভিন্ন জেলায় ছাত্র-জনতা নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের নামে মামলা হচ্ছে প্রতিদিনই। গতকাল সোমবার ও গত রবিবার রাতে গাজীপুর, রংপুর ও মাদারীপুরে তিনটি হত্যা মামলা হয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় মামলা হয়েছে আওয়ামী লীগের জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের বিরুদ্ধে। কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

গাজীপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ২০ জুলাই গাজীপুরের বড়বাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাজমিস্ত্রি মঞ্জু মিয়া (৪৩) মারা যাওয়ার ঘটনায় গতকাল হত্যা মামলা হয়েছে।

শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রংপুরের সাবেক সংসদ সদস্য টিপু মুনশি, মসিউর রহমান রাঙ্গাসহ ৮৫ জনের নামে এই মামলা করেন নিহত ব্যক্তির পিতা মো. ইনছার আলী। রংপুরের পীরগাছার মঞ্জু মিয়া গাজীপুর বড়বাড়ী এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

মামলায় অন্যান্য আসামির মধ্যে আছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন প্রমুখ। এ ছাড়া আরো ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রংপুর : গত ১৮ আগস্ট পুলিশের গুলিতে ফল বিক্রেতা মেরাজুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। গতকাল সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম রকেট। এর আগের দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মেরাজুল ইসলামের স্ত্রী।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই সন্ধ্যায় সিটি করপোরেশনের ফুট ওভারব্রিজের কাছে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালালে মেরাজুল ইসলাম মারা যান।

মাদারীপুর : মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে আন্দোলনে গত ১৯ জুলাই তাওহীদ সন্নামাত নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য শাজাহান খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ ৯২ জনের নামে হত্যা মামলা হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন। রবিবার রাতে সদর থানায় মামলাটি গ্রহণ করা হয়। মামলার বাদী জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান।

দিনাজপুর : জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৩১ জনের নাম উল্লেখ করে আরো একটি হত্যা মামলা করা হয়েছে।

রবিবার কোতোয়ালি থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুলের বড় ভাই ফরিদুল ইসলাম। এই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০০ থেকে ৪০০ জনকে।

নীলফামারী : বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা দুটি দায়ের করেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার ও তাঁর ভাই এ কে এম বদিউল আলম সরকার।

ওই দুই মামলার আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মমতাজুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আমিন স্বপন, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

নাটোর : গার্মেন্টস ব্যবসায়ী মেহেদী হাসান রবিনকে হত্যা মামলায় নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল, সাবেক পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ আওয়ামী লীগের ১৩৫ জনের নামে থানায় এজাহার দায়ের করেছে নিহতের মামা সোহেল রানা। গতকাল সোমবার নাটোর সদর থানায় এই অভিযোগ করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে অভিযুক্ত সাবেক এমপি শিমুলের নির্দেশে রবিনকে তুলে নিয়ে গিয়ে তাঁর বাড়িতে আটকে রাখা হয়। পরে সেই ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সাত আগস্ট ভোরে মারা যায় রবিন।

রাণীনগর (নওগাঁ) : থানা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রাহিদ সরদারকে প্রধান আসামি করে ৫৬ জনের নামে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছে আরো ৫০ থেকে ৬০ জন।

গতকাল থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারব হোসেন বাদী হয়ে এই মামলা করেন।

আদমদীঘি (বগুড়া) : গত ৪ আগস্ট উপজেলা বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় বগুড়ার আদমদীঘিতে সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনের কথাও উল্লেখ করা হয়েছে। রবিবার রাতে আদমদীঘি থানায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

সুনামগঞ্জ : জামালগঞ্জ উপজেলায় ছাত্র-জনতার মিছিলে গত ৪ আগস্ট হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৭৬ জনকে আসামি করে দ্রুতবিচার আইনে মামলা করা হয়েছে। রবিবার রাতে স্থানীয় শিক্ষার্থী নয়াহালট গ্রামের শহিদুল ইসলাম মামলাটি করেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান রেজাউল করীম শামীমকে।

রাজবাড়ী : বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সকালে রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলা, ককটেল নিক্ষেপ, গুলিবর্ষণ ও মারধরের অভিযোগে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল রাজবাড়ী সদর থানায় মামলাটি করেছেন শহরের সজ্জনকান্দা গ্রামের উৎস সরকার।

মামলার আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, মাসুদ রানা মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহীন শেখ, জামাল খান, জাহিদ, শরীফ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান, ইফতি হক সৌরভ প্রমুখ।

বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেনসহ আওয়ামী লীগের ১৩৩ জন নেতার নামে বিস্ফোরক মামলা করা হয়েছে। গতকাল বিএনপির নেতা জাহিদ হোসেন বাদী হয়ে থানায় এই মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট কিশোরপুর বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিছিল করতে থাকেন। তখন বিএনপি নেতা জাহিদ মিছিল করতে নিষেধ করলে মিছিলকারীরা তাঁর দোকান ভাঙচুর করেন। পরে তাঁরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

LEAVE A REPLY