মায়ের সঙ্গে সম্পর্কই কি গড়ে দেয় আমাদের পরবর্তী জীবনের সব সম্পর্ক?

সংগৃহীত ছবি

শৈশবে মায়ের সঙ্গে সম্পর্ক কেমন ছিল, তা কি বড় হওয়ার পর অন্যদের সঙ্গে আমাদের সম্পর্কের ধরনেও প্রভাব ফেলে? মনোবিজ্ঞানের দৃষ্টিতে, মানুষের প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো মায়ের সঙ্গে সম্পর্ক। শৈশবের এই অভিজ্ঞতা পরবর্তী জীবনে ভালোবাসা, বন্ধুত্ব, দাম্পত্য এমনকি কর্মক্ষেত্রের সম্পর্কেও নানা মাত্রায় প্রভাব ফেলতে পারে।

মনোবিষয়ক সাময়িকী ‘সাইকোলজি টুডে’-তে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, মানুষের সম্পর্কের জটিলতা অনেক সময় অতীতের অভিজ্ঞতার সঙ্গে জড়িত থাকে। বর্তমানের কোনো সম্পর্কের ক্ষেত্রে যে আবেগ, ভয় কিংবা আচরণ দেখা যায়, তার শিকড় থাকতে পারে শৈশবের কোনো অভিজ্ঞতায়।

শৈশবের অভিজ্ঞতা ফিরে আসে বড়বেলায়

শৈশবে মা-বাবার কাছ থেকে পাওয়া আচরণ অনেক সময় আমাদের মধ্যে সম্পর্কের বিষয়ে কিছু ধারণা তৈরি করে। যেমন, কোনো শিশু যদি সব সময় সমালোচনার মুখে বড় হয়, তাহলে বড় হয়েও অন্যের কথায় সহজে কষ্ট পেতে পারে।আবার শৈশবে প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার অভিজ্ঞতা থাকলে পরবর্তী জীবনে কেউ কেউ সম্পর্ক হারানোর ভয়ে অতিরিক্ত আঁকড়ে ধরতে পারেন।

নিবন্ধে এমন কয়েকটি উদাহরণ তুলে ধরা হয়েছে। একজন তরুণী বারবার এমন পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছেন, যারা আবেগগতভাবে তার কাছে সহজলভ্য নন। এর পেছনে থাকতে পারে শৈশবে বাবাকে হারানোর অভিজ্ঞতা এবং তার কাছ থেকে ভালোবাসা না পাওয়ার অনুভূতি।আবার কেউ কেউ সঙ্গীকে হারানোর ভয়ে সম্পর্কের মধ্যে অতিরিক্ত নির্ভরশীল বা অধিকারপরায়ণ হয়ে উঠতে পারেন।

অর্থাৎ, বর্তমানের আচরণ সব সময় শুধু বর্তমান পরিস্থিতি থেকে তৈরি হয় না। অতীতের অভিজ্ঞতাও অজান্তে আমাদের প্রতিক্রিয়া ও প্রত্যাশাকে প্রভাবিত করতে পারে।

শুধু প্রেম নয়, জীবনের অন্য ক্ষেত্রেও প্রভাব

শৈশবের সম্পর্কের প্রভাব কেবল প্রেম বা দাম্পত্য জীবনে সীমাবদ্ধ থাকে না। বন্ধুত্ব, পরিবার, কর্মক্ষেত্র এমনকি নিজের প্রতি দৃষ্টিভঙ্গিও এর দ্বারা প্রভাবিত হতে পারে।

নিবন্ধে বলা হয়েছে, কেউ পরীক্ষার আগে উদ্বিগ্ন হলে তার পেছনে শুধু পরীক্ষার ভয় কাজ নাও করতে পারে। বড় হয়ে ওঠা, পরিবার ছেড়ে নতুন জীবনে প্রবেশ করা কিংবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও সেই উদ্বেগের কারণ হতে পারে। একই ভাবে কর্মক্ষেত্রে নিজের দক্ষতা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার পেছনে পরিবারের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে তৈরি করা ধারণা ভূমিকা রাখতে পারে।

মানুষ সামাজিক জীব। অন্যদের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়েই আমরা নিজেদের এবং চারপাশের পৃথিবীকে বুঝতে শিখি। প্রতিটি সম্পর্ক আমাদের ভবিষ্যতের সম্পর্কের জন্য একধরনের মানসিক কাঠামো তৈরি করে। ফলে শৈশবে তৈরি হওয়া কিছু আচরণ ও প্রত্যাশা অজান্তেই পরবর্তী জীবনে বারবার ফিরে আসতে পারে।

কেন মায়ের সঙ্গে সম্পর্ক এত গুরুত্বপূর্ণ?

মানুষের জীবনে প্রথম দিকের সম্পর্কগুলোর মধ্যে মায়ের সঙ্গে সম্পর্ক অন্যতম। জন্মের পর শিশুর যত্ন, নিরাপত্তা, স্নেহ ও আবেগের অভিজ্ঞতার সঙ্গে এই সম্পর্ক গভীরভাবে যুক্ত। তাই মায়ের সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতা শিশুর মনে ভালোবাসা, বিশ্বাস, নিরাপত্তা ও নির্ভরতার বিষয়ে প্রাথমিক ধারণা তৈরি করতে পারে।

নিবন্ধের লেখক নিজের মনোচিকিৎসা প্রশিক্ষণের একটি অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন। প্রশিক্ষণের সাক্ষাৎকারে তাকে মায়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে বলেছিলেন, সম্পর্কটি স্বাভাবিক। কিন্তু পরবর্তী সময়ে ব্যক্তিগত থেরাপির অভিজ্ঞতায় বুঝতে পারেন, সেই সম্পর্কের অনেক স্মৃতি ও প্রভাব তাঁর অজান্তেই মনে রয়ে গিয়েছিল।

লেখকের মতে, মনোচিকিৎসায় মানুষের বর্তমান সম্পর্কের সমস্যাগুলো বুঝতে অতীতের অভিজ্ঞতা খতিয়ে দেখা হয়। এতে ব্যক্তি নিজের কিছু পুরোনো প্রতিরক্ষামূলক আচরণ বা সম্পর্কের ধরন সম্পর্কে সচেতন হতে পারেন। প্রয়োজন হলে সেগুলো পরিবর্তনের সুযোগও তৈরি হয়।

অতীত বুঝলে বদলানো সম্ভব বর্তমান

শৈশবের অভিজ্ঞতা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হলেও তা ভবিষ্যৎকে পুরোপুরি নির্ধারণ করে দেয় না। বরং নিজের আচরণের পেছনের কারণ বুঝতে পারলে সম্পর্কের ক্ষেত্রে তৈরি হওয়া পুরোনো অভ্যাস ও ভয় নিয়ে কাজ করা সম্ভব।

মায়ের সঙ্গে সম্পর্ক যেমনই হোক, সেই অভিজ্ঞতা নিয়ে সচেতন হওয়া এবং নিজের আবেগ ও আচরণকে বোঝার চেষ্টা গুরুত্বপূর্ণ। কারণ অতীতের অভিজ্ঞতা আমাদের প্রভাবিত করতে পারে, কিন্তু সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতেই হবে—এমন নয়।

LEAVE A REPLY