দুর্দান্ত শুরুর পরও শেষের ব্যর্থতায় বড় পুঁজি পায়নি ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বে  নিজেদের শেষ  ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের পুঁজি দাঁড় করিয়েছে ঢাকা ক্যাপিটালস।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। আগে ব্যাটিংয়ে নেমে লিটন দাস ১০ রানে আউট হলেও তানজিদ হাসান তামিমের ব্যাটে চড়ে ভালো শুরু পায় ঢাকা। পাওয়ারপ্লের ফায়দা লুটেছেন তানজিদ।

পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তোলে ঢাকা ক্যাপিটালস।

তানজিদ এক প্রান্ত ধরে আগাতে থাকলেও বাকিরা সুবিধা করতে পারেননি। ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তানজিদ। তখন দলীয় স্কোর ৮২ রানে ৪ উইকেট।এর পর একে একে উইকেট বিলিয়েছেন থিসারা পেরেরা, রিয়াজ হাসান, রহমত আলি সাব্বির রহমানরা। শেষদিকে ১৭ বলে ২০ রান করেন সাব্বির রহমান। অন্যদিকে ১১ বলে ১৩ রানের ইনিংস খেলেন মেহেদী হাসান রানা। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ঢাকা ক্যাপিটালস।

খুলনা টাইগার্সের হয়ে ২টি করে উইকেট তোলেন উইলিয়াম বোসিস্তো এবং হাসান মাহমুদ। ১টি করে উইকেট নেন নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নওয়াজ, মুশফিক হাসান এবং জিয়াউর রহমান।
 

LEAVE A REPLY