খুলনার দৌলতপুরে সরকারি বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় মহিদুল ইসলাম (২২) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ অক্টোবর) ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সকাল পৌনে ৭টার দিকে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চৌগাছা এলাকার শওকত খাঁর ছেলে। বর্তমানে তিনি খুলনা নগরীর উত্তর কাশিপুর এলাকায় থাকেন। তিনি একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন ভোরে বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে গিয়েছিলেন মহিদুল। সেখানে কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন যুবক তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিতে তার পেটের ডান পাশে গুরুতর জখম হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এর আগেও বিএল কলেজের দ্বিতীয় গেট ও আশপাশের এলাকায় গুলির ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিটি মহিদুলের শরীর ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে গেছে। তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।
মহিদুলের ভাই শহিদুল জানান, তার ছোট ভাই বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
দৌলতপুর থানার এসআই মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার কারণ ও হামলাকারীদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তবে এ মুহূর্তে ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।’










































