ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন স্টেডিয়াম কবে উদ্বোধন হবে, তখন কি তিনি সেখানে থাকবেন? প্রশ্নটা মাথায় আসতেই মৃত্যুর কথা মনে পড়ে গিয়েছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের।
বয়স এখন ৮৪।নতুন স্টেডিয়াম তৈরিতে পাঁচ-ছয় বছর সময় লাগতে পারে। সেটি উদ্বোধনের দিন তিনি সশরীর থাকতে পারবেন কি না, সেই সংশয় থাকলেও শেষ পর্যন্ত নিজের উপস্থিতি নিয়ে আত্মবিশ্বাসী ফার্গুসন—‘শরীরে না থাকলেও আত্মায় থাকবেন’ তিনি।
নিজের নতুন বই Games of My Life-এ এমন আবেগঘন কথাই লিখেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এই কোচ। বইটি প্রকাশিত হয়েছে আজ ৮ অক্টোবর।
মৃত্যু নিয়ে নিজের ভাবনা তুলে ধরে ফার্গুসন লিখেছেন, ‘ স্রষ্টা আমার জন্য কী ঠিক করে রেখেছেন, তা নিয়ে পড়ে থাকি না। মৃত্যুকেও ভয় পাই না। জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তেও মৃত্যু আমাদের সঙ্গেই থাকে। তবে আমি জীবন থেকে যতটা সম্ভব বেশি কিছু নেওয়ার ব্যাপারেই বেশি আগ্রহী।আমার অনেক কিছু করার আছে, অনেক মানুষের সঙ্গে সময় কাটাতে চাই।’
এরপরই এসেছে নতুন স্টেডিয়ামের প্রসঙ্গ। ফার্গুসনের ভাষায়, ‘তবু মাঝেমধ্যে মৃত্যুর কথা আমার মাথায় আসে। ম্যানচেস্টার ইউনাইটেড যখন ওল্ড ট্রাফোর্ডের বদলে দারুণ একটি নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ঘোষণা করল, তখন আমার মনে প্রশ্ন জাগল—উদ্বোধনী সময় আমি কি সেখানে থাকব?’
এরপর দ্রুত নির্মাণকাজ শুরুর প্রত্যাশা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি আশা করি, তারা দ্রুত কাজ শুরু করবে। কারণ, এটি তৈরি করতে যদি পাঁচ বছর লেগে যায়, তাহলে আমার বয়স ৯০ ছুঁইছুঁই হবে।তবে আমি জানি, যেকোনোভাবেই হোক উদ্বোধনী অনুষ্ঠানে আমি থাকব—শরীরে হোক কিংবা আত্মার মাধ্যমে।’
২০২৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ১ লাখ আসনের নতুন স্টেডিয়ামের নকশা প্রকাশ করে। প্রকল্পটি বাস্তবায়নে পাঁচ থেকে ছয় বছর সময় লাগতে পারে।
ফার্গুসনের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পর্ক কয়েক যুগের। ১৯৮৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত ক্লাবটির প্রধান কোচ ছিলেন। ১৩টি ইংলিশ প্রিমিয়ার লিগ, ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ১টি ফিফা ক্লাব বিশ্বকাপসহ দলকে ৩৮টি ট্রফি জিতিয়েছেন।
নতুন স্টেডিয়াম ফার্গুসনের সেই দীর্ঘ ফুটবল জীবনের আরেকটি অধ্যায়ের সাক্ষী হয়ে উঠবে—সেটি তিনি দেখুন বা না দেখুন, ক্লাবটির সঙ্গে বন্ধন যে অটুট থাকবে, সেটি তার বইয়ে লেখা কথাগুলোতেই স্পষ্ট।










































