বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই

গাজীপুরের শ্রীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের কর্মীকে গুলি করে প্রায় ৩ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ডিস্ট্রিবিউটর ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড, শ্রীপুর’-এর অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল আহমেদ গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া প্রাইভেটকারের চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ হোসেন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানটির শ্রীপুর কার্যালয়ের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড, শ্রীপুর’ মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে।শুক্রবার ব্যাংক বন্ধ থাকা এবং পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় নগদ টাকার সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। এ সংকট কাটাতে বিকাশের নির্দেশনা অনুযায়ী নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর ‘হযরত আলী মুন্সী’ থেকে চার কোটি টাকা নগদ সংগ্রহ করা হয়। পরে চারটি বস্তায় ভরে প্রাইভেটকারে করে টাকা শ্রীপুরে আনা হচ্ছিল।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রাইভেটকারটি শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে গাড়িটির গতিরোধ করে।এ সময় তারা চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেটকারের কাচ ভেঙে ফেলে। পরে পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল আহমেদকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর চারটি বস্তার মধ্যে তিনটি নিয়ে পালিয়ে যায় তারা। টাকা ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তিতে অন্যরা আহত হন।

মোস্তাফিজুর রহমান আরো জানান, ছিনিয়ে নেওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।তবে তাঁদের ধারণা, প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY