দেবের পরের সিনেমার নায়ক জিৎ!

টালিউডের দুই সুপারস্টার দেব ও জিৎকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে উন্মাদনা। দীর্ঘদিন পর একই মঞ্চে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন তারা।শুধু তাই নয়, দেবের পরিচালনায় পরবর্তী সিনেমায় অভিনয়েরও ইঙ্গিত দিয়েছেন জিৎ। সব ঠিক থাকলে পরিচালকের আসনে দেব আর নায়কের ভূমিকায় দেখা যেতে পারে জিৎকে।

পরিচালক হিসেবে দেবের নতুন যাত্রা শুরু হচ্ছে ‘দেশু ৭’ সিনেমার মাধ্যমে। ছবিটির নায়ক ও প্রযোজকও তিনি।শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলকাতার নজরুলমঞ্চে ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে প্রকাশ্যে আসে ছবিটির ট্রেলার। আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ।

তবে ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কেড়েছে জিতের উপস্থিতি।দেবের আমন্ত্রণে সাড়া দিয়ে একই মঞ্চে হাজির হন এই অভিনেতা। দীর্ঘদিনের দূরত্ব ও মনোমালিন্যের গুঞ্জন পেছনে ফেলে দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তরা।

অনুষ্ঠানে শুধু উপস্থিত থেকেই চমক দেননি জিৎ। দেবের সঙ্গে যৌথভাবে নতুন সিনেমা তৈরির ঘোষণাও দেন তিনি। এতে দুই তারকাকে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখার প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

অনুষ্ঠানের মঞ্চে জিৎ বলেন, ‘দেশু ৭’ হিট হলে দেবের পরবর্তী সিনেমায় আমি অভিনয় করব।’ জিতের এমন ঘোষণার পরপরই ছবির নায়িকা শুভশ্রী গাঙ্গুলি বলে ওঠেন, ‘আমি তাহলে নায়িকা হব।’

শুভশ্রীর মন্তব্যের জবাবে দেব জানান, নিজেকে বাদ দিয়ে তার বিপরীতে অন্য কোনো নায়ককে বেছে নিতে হলে সেই পছন্দের তালিকায় প্রথমেই থাকবেন জিৎ। 

উল্লেখ্য, জিৎ ও শুভশ্রী জুটি এর আগে একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন। ফলে তাদের আবারও একসঙ্গে পর্দায় দেখার সম্ভাবনা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে ‘দেশু ৭’ সিনেমার প্রচারেও তৈরি হয়েছে আলোচনা। অনুষ্ঠানে দেব ও শুভশ্রী দুজনকেই দেখা গেছে কালো পোশাকে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির গানের ভিডিও, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।

ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, প্রিয়াংকা সরকার, রজতাভ দত্ত ও ছবির খলনায়ক অনির্বাণ ভট্টাচার্য। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশের পাশাপাশি হাতে লেখা চিঠির মাধ্যমে দেবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY