ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে একাধিকবার নাজমুল হোসেনকে এরকম বলতে শোনা গেছে, ‘সে যদি খেলে, তাহলে সেরাটাই দিবে আশা করি।’ নাহিদ রানাকে নিয়ে ভারতীয় সাংবাদিকদের ব্যাপক কৌতূহলের মধ্যে এই ফাস্ট বোলারকে একাদশের বাইরে রাখার বার্তাই কি তবে দিয়ে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক?
ভারত ম্যাচে নাহিদ রানাকে না খেলানোর কারণ অবশ্য চোট নয় বলেই নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম, ‘কম্বিনেশনের কারণে সে একাদশে নেই।’
এই ফাস্ট বোলার আগেরদিন আইসিসি একাডেমি মাঠে দলের সঙ্গে অনুশীলনে তো ছিলেনই, বোলিংও করেছেন। আর অভিজ্ঞ মাহমুদ উল্লাহ চোটের জন্য খেলছেন না বলে জানালেন রাবীদ, ‘এখানে (দুবাই) আসার পর প্রথম প্র্যাকটিস সেশনে মাহমুদের ডান পায়ের কাফ মাসলে টান পড়েছিল।
এখনও সেরে না ওঠায় খেলছে না।’
এই চোটের জন্য পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেননি মাহমুদ উল্লাহ।











































