বলের আঘাতে গুরুতর আহত স্টোকসের অস্ত্রোপচার

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস মুখে ক্রিকেট বলের আঘাত পাওয়ার পর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে স্টোকসের চোখ ফুলে থাকা, গাল ও ঠোঁটে কেটে যাওয়ার দাগ এবং নাকে ব্যান্ডেজ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘ক্রিকেট বলটার অবস্থা দেখলে বুঝতেন,’ সঙ্গে ছিল হাসির ইমোজি।

১

মঙ্গলবার হাসপাতাল থেকে আরেকটি ছবি শেয়ার করে তিনি জানান, ‘দেখে মনে না হলেও অস্ত্রোপচার সফল হয়েছে।’

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর দেশে ফিরেছেন স্টোকস। সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দলের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা শুরু করেছে। তবে স্টোকস স্পষ্ট করেছেন, তিনি লাল বলের দলের নেতৃত্ব চালিয়ে যেতে চান।

বর্তমানে তিনি ইংল্যান্ডের সাদা বলের দলে নেই এবং ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিচ্ছেন না। সবকিছু ঠিক থাকলে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে মাঠে ফিরতে পারেন তিনি। এরপর ৪ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজ দিয়ে ইংল্যান্ডের মৌসুম শুরু হবে—সেদিনই স্টোকসের ৩৫তম জন্মদিন।

LEAVE A REPLY