সংগৃহীত ছবি
প্রযুক্তির অগ্রযাত্রার এ সময়ে শিক্ষা, চিকিৎসা, খাবার, কেনাকাটা, বিনোদনসহ সর্বত্রই বাড়ছে অনলাইন নির্ভরতা। এ প্ল্যাটফর্মগুলো যেন জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। একইভাবে সচেতনতার অভাবে ডিজিটাল মাধ্যমে নানাভাবে ফাঁদেও পড়ছেন অনেকে। অনলাইনের সেরকমই তিনটি ঘটনা সুরে সুরে তুলে ধরেছেন তিন জনপ্রিয় দম্পতি শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী, এফ এস নাঈম-নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ।
বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্য দিয়ে এবারের তৈরি মিউজিক্যাল ড্রামা দেখা যাবে ইত্যাদিতে।
মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপোড়েনে সংসারের ঘানি টানতে টানতে অনেকেরই জীবন অতিষ্ঠ। তেমনি এক মধ্যবয়সী ব্যক্তি ঘরে-বাইরে, অফিসে-রাস্তায় অতিষ্ঠ হয়ে জীবনের সব ক্ষোভ উগরে দিলেন সুরে সুরে গানে গানে। গুণী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুর স্বকণ্ঠে গাওয়া এই ব্যতিক্রমী গানে তার সঙ্গে আরো অভিনয় করেছেন অভিনয়শিল্পী মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র্যাপ শিল্পী মাহমুদুল হাসান।
চমৎকার চারটি বক্তব্য নিয়ে এবারের এই মিউজিক্যাল ড্রামাগুলো দর্শকদের ভীষণ আনন্দ দেবে বলে জানায় ফাগুন অডিও ভিশন।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।











































