টলিউডে ফের দ্বন্দ্ব, অনির্বাণ-পরমব্রতর সঙ্গে কাজ করবেন না টেকনিশিয়ানরা!

সংগৃহীত ছবি

টলিউডে ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব নতুন নয়, ‘অসহযোগিতা’র অভিযোগে একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের দ্বন্দ্ব খবরের শিরোনামে এসেছে। গতকাল ফেডারেশনের মিটিংয়ে টেকনিশিয়ানরা এক জোট হয়েছেন অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়-সহ ক’জন পরিচালকদের বিরুদ্ধে। তাদের সঙ্গে কলাকুশলীরা কাজ করবেন না বলেই নাকি জানিয়েছেন, খবর সংবার প্রতিদিনের।

যদিও ফেডারেশনের পক্ষ থেকে অফিশিয়ালি কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

তবে মিটিংয়ের পর ইন্ডাস্ট্রিতে ফিসফাস, ওই মিটিংয়েই নাকি কলাকুশলীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়-সহ বেশ কজন পরিচালকদের সঙ্গে কাজ করতে নারাজ তারা। এই তালিকায় পরিচালক সুদেষ্ণা রায়ের নামও শোনা যাচ্ছে। 

প্রসঙ্গত কিছুদিন আগে, টলিউড ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদেষ্ণা রায় শুটিং শুরু করতে গিয়ে মারাত্মক অসহযোগিতার মুখে পড়েন। তার সঙ্গে কোনও কলাকুশলীই কাজ করতে রাজি হয় না বলে অভিযোগ।

উপরন্তু ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আদালতে যে মামলা করা হয়েছে তাতে অনির্বাণ, পরমব্রত অগ্রণী ভূমিকা নিয়েছেন। ১ মে টেকনিশিয়ানসদের মিটিংয়ে তাদের বিরুদ্ধে কলাকুশলীরা যাতে একজোট না হন, তার জন্য বুধবার এক ভিডিও বার্তায় কলাকুশলীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন সুদেষ্ণা রায়, পরমব্রত, অনির্বাণ-সহ আরও বেশ ক’জন পরিচালক। 

কিন্তু বৃহস্পতিবারের মিটিংয়ে নাকি বেশ ক’জন পরিচালকদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন কলাকুশলীরা। টলিপাড়ার অন্দরমহল সূত্রে তেমনটাই খবর।

LEAVE A REPLY